রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘বন্ধু’ হিসেবে সম্বোধন যথার্থ বলে মন্তব্য করেছেন ন্যাশনাল ইন্টিলিজেন্সের ডিরেক্টর জে ক্লেটন। তবে ইউক্রেন ইস্যুতে পুতিন প্রেসিডেন্টের বন্ধু নয় বলেও উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি চীন ও রাশিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের আগে পুতিনকে ‘বন্ধু’ বলায় আলোচনা শুরুর পর এসব মন্তব্য করেন ক্লেন্টন।
এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘সম্বোধনটি ছিল বিশ্বের তিন প্রধান পারমাণবিক শক্তিধর দেশের একসঙ্গে বসে পারমাণবিক বিপর্যয় এড়ানোর বিষয়ে আলোচনার প্রেক্ষাপটে। এমন পরিস্থিতিতে পুতিনকে ‘বন্ধু’ বলা পুরোপুরি যথাযথ।‘
এরপর অনুষ্ঠানের উপস্থাপক ক্লেটনের কাছে জানতে চান, ‘তাহলে ভ্লাদিমির পুতিন কি যুক্তরাষ্ট্রের বন্ধু? কারণ, ট্রাম্প এ প্রশ্নের উত্তর দিতে চাননি।‘
জবাবে ক্লেটন বলেন, ‘ইউক্রেনের ক্ষেত্রে ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের বন্ধু নন। একেবারেই নন।‘
গত ১৯ নভেম্বর চীনের শেনঝেনে আয়োজিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন-এপেক সম্মেলনের সাইডলাইনে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন ট্রাম্প, পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠক শুরুর কিছুক্ষণ আগে পুতিনকে দেখে হাসিমুখে বন্ধু সম্বোধন করেন ট্রাম্প, যা বিস্তর আলোচনার জন্ম দেয়।
পরে শুক্রবার (২০ নভেম্বর) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে পুতিন আমেরিকার বন্ধু কি না এ বিষয়ে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়।
ওই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে ট্রাম্প বলেন, ‘আমেরিকার পক্ষ থেকে এ বিষয়ে আমি কিছু বলতে পারি না।’ পরদিন শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পুতিনের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন ট্রাম্প। ছবির ক্যাপশনে লেখা ছিল ‘আমার বন্ধু।’