ইউরোপের ৩ দেশ ইতালি, ব্রিটেন ও আয়ারল্যান্ডে হাজার হাজার স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। স্কুলগুলোর ই-মেইলে বুধবার(১১ নভেম্বর) প্রায় একই সময়ে হুমকির বার্তা পাঠানো হয়।
সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, শুধু ইতালিতেই প্রায় ৬ হাজার ৩০০ স্কুলে একই ধরনের হুমকিমূলক ইমেইল পাঠানো হয়। এ ছাড়া আয়ারল্যান্ড ও ব্রিটেনের কয়েকশ স্কুলও একই বার্তা পেয়েছে।
হুমকির পর ইতালির রোম, মিলান, নেপলস, পালেরমো ও বোলোনিয়াসহ বিভিন্ন শহরের স্কুলগুলোতে ক্লাস বন্ধ রাখা হয়। নিরাপত্তার স্বার্থে পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তল্লাশি চালায়। তবে এখন পর্যন্ত কোথাও বিস্ফোরক বা সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, এসব হুমকির পেছনে বাস্তব কোনো বিপদের ইঙ্গিত নেই। তবে ঘটনাগুলোকে আতঙ্ক ও উদ্বেগ ছড়ানোর একটি কৌশল হিসেবে দেখছে সরকার।
অন্যদিকে, আয়ারল্যান্ডের পুলিশ জানিয়েছে, স্কুলগুলোতে পাঠানো বার্তাগুলোকে বিশ্বাসযোগ্য হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে না। উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের পুলিশও এ ধরনের বার্তাকে ভুয়া হুমকি হিসেবে দেখছে।
সম্প্রতি ইউরোপে এ ধরনের নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনা বেড়েছে। গত সপ্তাহে বোমা হামলার হুমকিতে ইউরোপের ২০টির বেশি বাণিজ্যিক ফ্লাইটের যাত্রা ব্যাহত হয়। এ ছাড়া বিভিন্ন দেশে সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থা, রক্তের ব্যাংক ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সাইবার হামলার ঘটনাও ঘটেছে।
এসব ঘটনার পেছনে রাশিয়া ও ইরানের সংশ্লিষ্টতা নিয়ে ইউরোপের সরকার, কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে স্কুলগুলোতে পাঠানো হুমকির সঙ্গে কোনো দেশ বা গোষ্ঠীর সম্পৃক্ততার এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।