ওজন কমাতে আমেরিকায় বহুল ব্যবহৃত জিএলপি-১ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া রোধে সম্পূরক খাদ্যপণ্য তথা সাপ্লিমেন্টের জনপ্রিয়তা ও সামাজিক মাধ্যমে প্রচার-প্রচারণা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ অবস্থায় বাজারে আসা সাপ্লিমেন্ট নিয়ন্ত্রণে নতুন বিধিমালা তৈরির উদ্যোগ নিয়েছে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি-এফডিএ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, আমেরিকায় জিএলপি-১ হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধগুলো হলো নোভো নরডিস্কের ওজেম্পিক, ওয়েগোভি। ওষুধগুলো পাকস্থলির হজম প্রক্রিয়া ধীর করে এবং মস্তিষ্কে ক্ষুধার অনুভূতি কমিয়ে ওজন কমাতে সাহায্য করে।
নিয়মিত এসব ওষুধ সেবনের ফলে ডায়রিয়া, গ্যাস্ট্রিক, বমি, কোষ্ঠকাঠিন্যর মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। এ অবস্থায় ওজন নিয়ন্ত্রণ হলেও অনেক সময় ব্যহত হয় শরীরে পুষ্টির যোগান। ফলে ভারসাম্য রক্ষা করতে অনেকেই বিভিন্ন সম্পূরক পুষ্টি সেবন করেন।
অন্যদিকে এফডিএ জানিয়েছে, ভিটামিন ও পুষ্টি জাতীয় সাপ্লিমেন্টগুলোর ক্ষেত্রে এতদিন পূর্বানুমোদনের প্রয়োজন ছিল না। তাই কোন সাপ্লিমেন্টে কী কী উপাদান আছে, কতটুকু গ্রহণযোগ্য-তার কোনো বৈজ্ঞানিক সত্যতা নেই। তবে কিছু ক্ষেত্রে সাপ্লিমেন্টে মাদক মিশানোর অভিযোগও রয়েছে।
আর সাপ্লিমেন্টের উৎপাদক প্রতিষ্ঠানগুলো টিকটক, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তারকাদের দিয়ে আকর্ষণীয় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এমন বাস্তবতায়, সাপ্লিমেন্ট বাজারে আনার ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধিমালা তৈরির কথা ভাবছে নিয়ন্ত্রক সংস্থা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
আসন্ন নতুন বিধিমালা
সাপ্লিমেন্টের মান নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তাব জানিয়েছেন ইউএস হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি রবার্ট এফ. কেনেডি জুনিয়র।
এফডিএ জানিয়েছে,সামনে সাপ্লিমেন্ট বাজারজাতকরণে পর্যালোচনা প্রক্রিয়ার জন্য নথি জমা দিতে হবে। নথিতে কী কী বিষয় নিশ্চিত করতে হবে তা নিয়ে আলোচনা চলছে।
এফডিএ আরও জানায়, এখন এমন ফাঁকফোকর আছে, যে পথে অনেক সাপ্লিমেন্ট প্রস্তুতকারক পর্যালোচনা প্রক্রিয়াটি এড়িয়ে যেতে পারে এবং কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই সেটি নিরাপদ খাদ্যপণ্য হিসেবে প্রচার করতে পারে। তবে কেনেডির পদক্ষেপের পর বিকল্প পথটি পুরোপুরি বাতিল হয়ে যাবে।
এদিকে নতুন বিধিমালার আলোচনা শুরুর পর থেকেই বিরোধিতা করেছে একাধিক সাপ্লিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান।
সাপ্লিমেন্ট সংক্রান্ত বাণিজ্যিক সংস্থা কাউন্সিল ফর রেসপন্সিবল নিউট্রিশনের দাবি, এফডিএর পর্যালোচনা পদক্ষেপ চালু হলে পুরো কাজে ধীর প্রক্রিয়া দেখা যাবে এবং কাজ বিঘ্নিত হবে।