ভারতে হাইকোর্টের দুটি ভুয়া আদেশের ভিত্তিতে ১২৯টি অনলাইন বেটিং ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। পরে বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানে আদালতের আদেশ দুটি জাল ছিল বলে নিশ্চিত করা হয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
রয়টার্সের এক প্রতিবেদনে বুধবার জানানো হয়, ভারতের টেলিযোগাযোগ বিভাগ গত ২১ জুলাই ও ২ সেপ্টেম্বর দুটি নির্দেশনা জারি করে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে ওয়েবসাইটগুলো বন্ধ করতে বলে। এর মধ্যে একটি আদেশ রাজস্থান হাইকোর্ট এবং অন্যটি এলাহাবাদ হাইকোর্টের নামে পাঠানো হয়েছিল।
তবে রয়টার্সের অনুসন্ধানে আদালত দুটির নথিতে এমন কোনো আদেশের অস্তিত্ব পাওয়া যায়নি। রাজস্থান হাইকোর্টের রেজিস্ট্রার আদেশটিকে জাল বলে সন্দেহ প্রকাশ করেছেন। অন্যদিকে, এলাহাবাদ হাইকোর্টও তাদের নামে জারি করা আদেশটি ভুয়া বলে নিশ্চিত করেছে।
গত ৬ নভেম্বর এ ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করে এলাহাবাদ হাইকোর্ট। জালিয়াতি ও প্রতারণার অভিযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
জাল আদেশ দুটি কীভাবে তৈরি করা হয়েছে, তাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ভারতের টেলিযোগাযোগ বিভাগও এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি।