নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের একটি সাবওয়ে স্টেশনে দায়িত্ব পালনের সময় গলায় ছুরিকাঘাতে গুরুতর আঘাত পেয়েছেন এক ট্র্যাক মেইনটেইনার।
এ ঘটনায় সন্দেহভাজনকে খুঁজছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
আইউইটনেস নিউজ জানায়, সোমবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে ক্রাউন হাইটস এলাকার একটি সাবওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, ভুক্তভোগী ৬৪ বছর বয়সী কর্মী স্টেশনের তিন নম্বর রেললাইনে কাজ করছিলেন। ওই সময় রেললাইনের ওপর দিয়ে এক পথচারীকে হাঁটতে দেখলে তিনি তাকে সরে যেতে বলেন। পরে ওই পথচারী ছুরি বের করে স্টেশন কর্মীর গলায় আঘাত করেন।
ঘটনার পরপরই ভুক্তভোগীকে কিংস কাউন্টি হসপিটালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, আহত ব্যক্তির শ্বাসনালি ও খাদ্যনালি অল্পের জন্য রক্ষা পেয়েছে। তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
হামলাকারী ব্যক্তি ছিন্নমূল জানিয়ে এনওয়াইপিডি বলেছে, ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই ব্যক্তি, যাকে আটক করার চেষ্টা চলছে।