শিক্ষার পরিবেশ উন্নত করা ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করেন হাজারো শিক্ষার্থী ও শিক্ষক। শ্রেণিকক্ষে শিক্ষার্থীর তুলনায় অপর্যাপ্ত শিক্ষক, জরাজীর্ণ স্কুল ভবন, পর্যাপ্ত শিক্ষা উপকরণের অভাব ও পরীক্ষার অতিরিক্ত চাপের প্রতিবাদে ফ্রান্সের রাস্তায় এখন হাজারও শিক্ষার্থী।
প্যারিসের দারিদ্র্যপীড়িত উপশহরগুলোতে গত সপ্তাহে শুরু হওয়া আন্দোলন ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে এক হাজারেরও বেশি হাইস্কুলে। বৃহস্পতিবার ফ্রান্স সরকার ২০২৭ সালের বাজেট ঘোষণা করার পর থেকে বিক্ষোভ আরও জোরালো হয়।
নতুন বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বেড়েছে মাত্র ১ দশমিক ৭ শতাংশ। তাছাড়া, শিক্ষক পেনশনের অর্থও এতে অন্তর্ভুক্ত করা হয়নি। বিক্ষোভ থেকে এখন পর্যন্ত ৫ হাজারের বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে, চলমান বিক্ষোভ ও সহিংসতার নিন্দা জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ ন্যুনেজ।