রাজহধানীসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার স্থানীয় সময় বিকেল ৫টা ১১মিনিট ৫৩ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যে।
বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
অ্যামেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে, রোববার মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ এশিয়ার ছয় দেশ। বাংলাদেশ, নেপাল, ভারত, মিয়ানমার, ভুটান ও চীনে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের উদলগুড়ি থেকে ১৪ কিলোমিটার পূর্বে। এর উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পটির উৎপত্তি বেশি গভীরে না হওয়ায় ভূমিকম্পের কেন্দ্রস্থলে তীব্র কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আকতার বলেন, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯। উৎপত্তিস্থলটি আসামের রাজধানী গুয়াহাটি থেকে দূরে আসাম ভ্যালি ও হিমালয়ের মাঝামাঝি। এটি মাঝারি থেকে ভারী মাত্রার ভূমিকম্প।
তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।