ভারতে উত্তরপ্রদেশে অভিনব আইন
বেওয়ারিশ কুকুরের হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭ ২০২৫, ২:০০ হালনাগাদ: মার্চ ৬ ২০২৬, ২০:৪৯

বেওয়ারিশ কুকুরদের জন্য বিশেষ আইন। ছবি: এনডিটিভি

বেওয়ারিশ কুকুরদের জন্য বিশেষ আইন। ছবি: এনডিটিভি

  • 0

পরপর দুইবার কারণ ছাড়াই পথচারীকে কামড়ালে বাকি জীবন কাটাতে হতে পারে প্রাণী কেন্দ্রে।

ভারতের উত্তরপ্রদেশে বেওয়ারিশ কুকুরদের জন্য এক নতুন আইন জারি করেছে রাজ্য সরকার। কোনো কুকুর পথচারীকে কামড়ালে তার হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। শুনতে কঠোর মনে হলেও প্রাণী, পরিবেশ ও পথচারীদের নিরাপত্তা রক্ষা করতে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এনডিটিভি জানায়, বেওয়ারিশ কুকুর পরপর দুইবার কারণ ছাড়াই পথচারীকে কামড়ালে তাকে আজীবন প্রাণী কেন্দ্রে রাখার আইন জারি করেছে উত্তরপ্রদেশ সরকার।

এ রাজ্যের প্রধান সচিব অমৃত অভিজাত জানান, এখন থেকে উত্তরপ্রদেশের শহর ও গ্রামাঞ্চল যেকোনো স্থানের বেওয়ারিশ কুকুরদের জন্য এই আইন কার্যকর হবে। কোনো কুকুরের বিরুদ্ধে যদি কারণ ছাড়াই পথচারীকে কামড় দেওয়ার তথ্য মেলে এবং ওই পথচারী অ্যান্টি-রেবিজ টিকা নেন তাহলে ঘটনাটি তদন্ত করা হবে। কামড় দেওয়া কুকুরকে শনাক্ত করে প্রাণী জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়ে আসা হবে। সেখানে কুকুরটিকে জীবাণুমুক্ত করে ১০ দিন পর্যবেক্ষণ করে ছেড়ে দেওয়া হবে। তবে তার আগে মাইক্রোচিপ পদ্ধতিতে কুকুরের বিস্তারিত বিবরণ ও অবস্থান চিহ্নিত করার ব্যবস্থা করা হবে। একই কুকুর যদি ঘটনার পুনরাবৃত্তি ঘটায় তাহলে থাকে আজীবন প্রাণী কেন্দ্রে তত্ত্বাবধানে রাখা হবে।

বেওয়ারিশ কুকুর মানুষের বিরক্তি বা উস্কানির স্বীকার ছাড়াই কামড় দিচ্ছে কি না এটি শনাক্ত করার উপায় জানতে চাইলে অভিজাত সংবাদমাধ্যমকে বলেন, এর জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হবে। কমিটিতে একজন ভেটেরনারি চিকিৎসক সহ প্রাণী আচরণ বিশেষজ্ঞ ও পৌর করপোরেশনের কর্মকর্তা থাকবেন।

তবে প্রাণী কেন্দ্রে সংরক্ষিত কুকুরগুলো রাস্তায় ছাড়া হবে না- এ শর্তে ব্যক্তিগতভাবে কেউ দত্তক নিতে পারবেন।