বড় অংকের আর্থিক সমঝোতার বিনিময়ে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস-আইআরএস এবং ট্রেজারি ডিপার্টমেন্টের বিরুদ্ধে করা ১০ বিলিয়ন ডলারের মামলা প্রত্যাহার করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সিবিএস নিউজ জানায়, ট্রাম্পের আইনজীবীরা নিশ্চিত করেছেন এ তথ্য।
আইনজীবিরা জানান, সোমবার আদালতে দাখিল করা একটি নথিতে একজন ফেডারেল বিচারককে মামলা প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
গত বছর জানুয়ারি মাসে মায়ামির একটি আদালতে আইআরএসের অবৈধভাবে কর সংক্রান্ত তথ্য ফাঁসের অনুমতি দিয়েছে, এমন অভিযোগে ব্যক্তিগতভাবে মামলা দায়ের করেন ট্রাম্প। এ মামলার বাদী ছিলেন তার ছেলে এরিক ট্রাম্প, ডনাল্ড ট্রাম্প জুনিয়র ও ট্রাম্প অর্গানাইজেশন।
ট্রাম্পের অভিযোগ, সাবেক বাইডেন প্রশাসনের সরকারি একজন ঠিকাদারকে তার, সন্তানদের এবং অর্গানাইজেশনের কর সংক্রান্ত তথ্য অবৈধভাবে ফাঁস করার অনুমতি দেয় আইআরএস ও ট্রেজারি ডিপার্টমেন্ট। পরে ২০২০ সালে বিকৃত করে এসব তথ্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার করা হয়।
গত সপ্তাহে এবিসি নিউজে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ১ দশমিক ৭৭৬ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের বিনিময়ে মামলাটি প্রত্যাহার করতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, বাইডেন আমলে তিনিসহ অনেকে আইআরএসের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। ওই সময় অন্যায়ভাবে ক্ষতির শিকার ভুক্তভোগীদের জন্য সমঝোতার অর্থ দিয়ে তহবিল গঠন করা হবে।
তবে ডেমোক্র্যাটদের মতে, সমঝোতার নামে ট্রাম্প, তার পরিবার ও সমর্থকরা করদাতাদের বিলিয়ন বিলিয়ন অর্থ আত্মসাৎ করবেন।
মামলা প্রত্যাহারের পর সমঝোতার বিষয়ে এখনও মন্তব্য করতে রাজি হননি ট্রাম্প ও জাস্টিস ডিপার্টমেন্টের কোনো মুখপাত্র।