

প্রকাশিত: নভেম্বর ২০ ২০২৬, ১২:৩৩
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযানে গণহত্যার প্রমাণ পেয়েছে বলে রায় দেয়।
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে ‘অন্যায্য’ বলে প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার। রায় ঘোষণার একদিন পর এ মন্তব্য করল মিয়ানমার।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযানে গণহত্যার প্রমাণ পেয়েছে বলে রায় দেয়। আদালতের ১৫ বিচারকের মধ্যে ৯ জন রায়ের পক্ষে এবং ৬ জন বিপক্ষে ভোট দেন।
আজ শুক্রবার রাজধানী নেপিডোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের মুখপাত্র খিন খিন সোয়ে। তিনি বলেন, ‘১৫ জন বিচারকের সবাই যখন সিদ্ধান্তের সঙ্গে একমত নন, তখন এটি সর্বসম্মত সিদ্ধান্ত নয়। আমার মতে, এটি অন্যায্য।’
আইসিজের এ রায়কে ঐতিহাসিক হিসেবে দেখা হচ্ছে। কারণ, এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করল সর্বোচ্চ পর্যায়ের আন্তর্জাতিক আদালত।
তবে মিয়ানমার সরকার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে এসেছে। তাদের দাবি, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল দেশটির সেনাবাহিনী।
২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানকে কেন্দ্র করে মামলাটি করা হয়। ওই সময় অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকার ক্ষমতায় ছিল। তখন সেনাপ্রধান ছিলেন মিন অং হ্লাইং। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেন তিনি। চলতি বছরের শুরুতে বিতর্কিত এক নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হন মিন অং হ্লাইং।
আদালত বলেছেন, ২০১৭ সালের সামরিক অভিযানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। ওই অভিযানে ব্যাপক ধর্ষণ, হত্যাকাণ্ড এবং হাজার হাজার বাড়িঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগও ছিল।
বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে বসবাস করছেন। তাদের অধিকাংশই কক্সবাজারের বিভিন্ন শিবিরে অবস্থান করছেন। সেখানে অগ্নিকাণ্ড, সংক্রামক রোগ, বর্ষায় ভূমিধস, অপর্যাপ্ত পয়োনিষ্কাশনব্যবস্থা ও কাজের সুযোগের সীমাবদ্ধতাসহ নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের।
আইসিজের রায়ে মিয়ানমারকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত। রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে। তবে ক্ষতিপূরণের পরিমাণ পরবর্তী শুনানিতে নির্ধারণ করা হবে।
তবে এসব নির্দেশনা মিয়ানমার সরকার কতটা বাস্তবায়ন করবে, তা নিয়ে সংশয় রয়েছে। দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র খিন খিন সোয়ে আদালতের নির্দেশনা মেনে চলার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, আদালতের বিস্তারিত নথিপত্র পর্যালোচনার পর মিয়ানমার নিজেদের অবস্থান জানাবে।
এ সময় আদালতের বিচারিক এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বৃহস্পতিবার চীনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের প্রসঙ্গ টানেন তিনি।
ওই বৈঠকে তিন নেতা এক ঘোষণায় বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে) এবং এ ধরনের অন্যান্য আন্তর্জাতিক সংস্থার বিচারিক এখতিয়ারের অপব্যবহার করা উচিত নয়।
অন্যদিকে মিয়ানমারের সামরিক জান্তাবিরোধী সংগঠন ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে। সংগঠনটি বলেছে, তারা আদালতের কর্তৃত্ব ও রায়ের প্রতি শ্রদ্ধাশীল।
মিয়ানমারের বাইরে বসবাসরত আরাকান রোহিঙ্গা ন্যাশনাল কাউন্সিলের অধিকারকর্মী নাই সান লুইন বলেছেন, এই রায় তাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর পথে প্রথম বিজয়। তাদের লক্ষ্য নিজ দেশে ফিরে শান্তি ও মর্যাদার সঙ্গে বসবাস করা।
বার্তা সংস্থা এপিকে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ ও সহযোগিতা ছাড়া আদালতের আদেশ কেবল একটি ঘোষণায় পরিণত হবে। প্রতিটি দেশের উচিত নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করা।’
রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মিও (আরসা) আদালতের রায়কে ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। সংগঠনটি বলেছে, রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফেরার সুযোগ দিতে হবে এবং গণহত্যার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে।
