নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে পাঁচতলা বিশিষ্ট একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় গৃহহীন হয়ে পড়েছেন ভবনের ৮২জন বাসিন্দা।
আইউইটনেস নিউজ জানায়, রোববার রাতে বোরোর ক্লেয়ারমন্ট সেকশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট-এফডিএনওয়াই জানায়, মধ্যরাতের পর চার-অ্যালার্ম সংকেত বিশিষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পান কর্মকর্তারা। সঙ্গেসঙ্গে ঘটনাস্থলে হাজির হন তারা।
এফডিএনওয়াই আরও জানায়, অগ্নিকাণ্ডের মাত্রা বেশি থাকায় ট্রাক থেকে বেশ কয়েকটি মই নামিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। তবে তুষারপাতের ফলে তিনটি হাইড্র্যান্ট জমে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য হয়ে ওঠে।
এমন অবস্থায় ভবনের সবচেয়ে ওপরের তলা ও ছাদের নিচে কাঠের অংশ পুরোপুরি পুড়ে যায়। পাশাপাশি ভেঙে যায় ভবনের বেশ কয়েকটি জানালা।
ওই পরিস্থিতিতে ভবনে আটকে পড়া ৮৮ বছর বয়সী এক বৃদ্ধ ও ৭৪ বছর বয়সী এক বৃদ্ধাকে উদ্ধার করেন কর্মীরা।
ওই ঘটনায় গৃহহীন বাসিন্দাদের স্থানান্তরে কাজ করছে দ্য অ্যামেরিকান রেড ক্রস সংস্থা।
ভুক্তভোগীদের আশ্রয় সহায়তা পেতে ওয়ান সিক্সটি সেভেনথ অ্যান্ড ওয়ালটন সড়কের প্রবেশমুখে অবস্থিত পিএস/আইএস ২১৮ রিসিপশন সেন্টারে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
ভবনটিতে আগুন লাগার কারণ তদন্তাধীন।