আগাম সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছেন স্পেনের নাগরিকরা। রবিবার রাজধানী মাদ্রিদের একটি কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেয। স্থানীয় সময় সকাল ৮টায় স্পেনজুড়ে ভোটগ্রহণ শুরু হলে ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন।
এবারের নির্বাচনে আটলান্টিকের পূর্বপাড়ের উপকূলীয় এই ইউরোপিয়ান দেশটিতে ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর একনায়কতন্ত্রের অবসানের পর, প্রথমবারের মতো কট্টর ডানপন্থিদের জাতীয় সরকারে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।
বর্তমান সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের জোট সরকারের বিরুদ্ধে আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং নানা রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে এই নির্বাচন দেশটির রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
জনমত জরিপ অনুযায়ী, আলবার্তো নুনেজ ফেইজোর নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থি পিপলস পার্টি (পিপি) ভোটের দৌড়ে এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার শঙ্কা রয়েছে। ফলে সরকার গঠনে তাদের কট্টর ডানপন্থি দল ‘ভক্স’-এর সমর্থনের ওপর নির্ভর করতে হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
আবাসন সংকট ও আগাম নির্বাচনের প্রেক্ষাপট স্পেনে ক্রমবর্ধমান বাড়িভাড়া ও আবাসন ব্যয় নিয়ে ব্যাপক গণবিক্ষোভের পর সানচেজ সংখ্যালঘু জোট সরকার উচ্ছেদ নিষিদ্ধ করা ও ভাড়া নিয়ন্ত্রণের মতো পদক্ষেপ নেয়ার উদ্যোগ নেন। তবে বিরোধী পিপি, ভক্স এবং কাতালান বিচ্ছিন্নতাবাদী দল ‘জুন্টস’ এসব প্রস্তাব আটকে দিলে আগাম নির্বাচনের ঘোষণা দেন সানচেজ।
যদিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে সানচেজের স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি (পিএসওই) জনমত জরিপে মধ্য-ডানপন্থি পিপলস পার্টি (পিপি)-র সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে, তবুও ডানপন্থি জোটের সরকার গঠনের সম্ভাবনা জোরালো দেখা যাচ্ছে।
ভক্সের উত্থান ও নীতিগত প্রভাব দীর্ঘদিন ধরে কট্টর ডানপন্থি রাজনীতির প্রতি তুলনামূলকভাবে সংবেদনশীল থাকলেও ভক্স এখন জাতীয় পর্যায়ে প্রভাব বিস্তারের দ্বারপ্রান্তে। জরিপে দলটি প্রায় ১৮ শতাংশ সমর্থন নিয়ে অবস্থান করছে এবং আঞ্চলিক পর্যায়ে ইতোমধ্যে পিপির সঙ্গে জোটবদ্ধভাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
পররাষ্ট্রনীতি ও ইউরোপের রাজনীতিতে প্রভাব এই নির্বাচনের ফলাফল স্পেনের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে। সানচেজ পরাজিত হলে ইইউর শীর্ষ দেশগুলোর মধ্যে হাতেগোনা কয়েকটি কেন্দ্রেই মধ্য-বাম নেতৃত্ব অবশিষ্ট থাকবে।
এ ছাড়া সানচেজ প্রশাসনের সময় ইরান সংঘাত ও মার্কিন সামরিক তৎপরতা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে টানাপোড়েন তৈরি হয়েছিল; পিপির নেতৃত্বে নতুন সরকার গঠিত হলে আমেরিকার সঙ্গে সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনের পর নবনির্বাচিত নিম্নকক্ষ আগামী ২৩ ডিসেম্বর বৈঠকে বসবে এবং সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।