জর্জিয়া স্টেইটে রোলার কোস্টার থেকে ছিটকে পড়ে এক ব্যক্তির মৃত্যুর পর নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে যাচ্ছে এমিউজমেন্ট পার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান সিক্স ফ্ল্যাগস। প্রতিষ্ঠানটি তাদের ‘গোলিয়াথ’ রোলার কোস্টারসহ একই ধরনের নিরাপত্তাব্যবস্থাসম্পন্ন অন্যান্য রাইডে সিটবেল্ট সংযোজনের পরিকল্পনা ঘোষণা করেছে।
শনিবার (২৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
গত ১২ অক্টোবর সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া এমিউজমেন্ট পার্কে ‘গোলিয়াথ’ রোলার কোস্টারে চড়ার সময় ৪২ বছর বয়সী হাসান জিহাদ ইবনে করিমের মৃত্যু হয়। আটলান্টার বাসিন্দা করিম রাইড চলার সময় আসন থেকে ছিটকে পড়েন। পুলিশের তথ্য অনুযায়ী, নিচে পড়ে যাওয়ার আগে তিনি রোলার কোস্টারের অন্য যাত্রীদেরও আঘাত করেন।
এ ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার পর গোলিয়াথ রাইডটি বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি আমেরিকা ও কানাডার পাঁচটি পার্কে একই ধরনের নিরাপত্তাব্যবস্থাসম্পন্ন আরও আটটি রোলার কোস্টার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সিক্স ফ্ল্যাগসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জন রেইলি শুক্রবার এক বিবৃতিতে বলেন, পার্কগুলোতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। এর অংশ হিসেবে গোলিয়াথ এবং একই ধরনের নিরাপত্তাব্যবস্থাসম্পন্ন অন্যান্য রোলার কোস্টারে সিটবেল্ট যুক্ত করা হবে।
তবে অন্য কোন কোন রোলার কোস্টারে সিটবেল্ট বসানো হবে, সে বিষয়ে বিস্তারিত তালিকা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। বন্ধ থাকা রাইডগুলো কবে আবার চালু হবে, সে বিষয়েও নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।
বর্তমানে গোলিয়াথ রোলার কোস্টারে যাত্রীদের কোমর ও ঊরুর ওপর আটকে রাখার জন্য লকিং ল্যাপ-বার ব্যবহার করা হয়। সুইজারল্যান্ডের নির্মাতা প্রতিষ্ঠান বোলিগার অ্যান্ড ম্যাবিলার্ডের তৈরি এ নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত সুরক্ষা হিসেবে সিটবেল্ট যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সিক্স ফ্ল্যাগস।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের এমিউজমেন্ট পার্কগুলোর রাইডের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করতে স্বাধীন প্রকৌশলী ও রাইড পরিদর্শন বিশেষজ্ঞদের নিয়োগ দেওয়া হয়েছে। পর্যালোচনার ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি রাইড পরিচালনাকারী কর্মীদের প্রশিক্ষণ ও পরিচালনা পদ্ধতিও আরও জোরদার করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, গোলিয়াথ দুর্ঘটনার কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি তদন্তকারীরা। রাইডটির নিরাপত্তাব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।
এর আগে আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের সিক্স ফ্ল্যাগস ম্যাজিক মাউন্টেন পার্কের ‘এক্স২’ রোলার কোস্টার নিয়েও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। ওই রাইডে চড়ে মস্তিষ্কে আঘাত পাওয়ার অভিযোগ তুলে কয়েকজন সাবেক যাত্রী আইনি পদক্ষেপ নেন। গত সেপ্টেম্বরে রাইডটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।