ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগ করেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত জোটের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবু সাদিক কায়েম।
ভোটের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন তিনি।
সাদিক বলেন, ‘এখানে বিভিন্ন পন্থি শিক্ষক আছে এবং স্টাফরা আছে। তারা বিভিন্নভাবে ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। আমি সবাইকে একটাই আহ্বান করব, এই ডাকসু নির্বাচন, এটা জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা। এটা শহীদদের আকাঙ্ক্ষা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থীর দাবি।
‘সুতরাং ডাকসু নির্বাচনকে যারা বানচাল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে; আমাদেরকে সজাগ থাকতে হবে এবং যে সমস্ত স্টাফরা এ সমস্ত কাজ করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। তাদেরকে থানায় নিতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে।’
সুষ্ঠু ভোটের দাবি জানিয়ে এ ভিপি পদপ্রার্থী বলেন, ‘আমরা চাই, বাকি যে সময় আছে, সে সময়টা নির্বাচন কমিশন সঠিকভাবে যেন সকল নিরাপত্তা অ্যানশিউর করে এবং ভোটারদের জন্য একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এনশিউর করে। আমি একই সাথে উদ্বিগ্ন। দেখতে পাচ্ছি অনেক বহিরাগতরা বিভিন্ন প্রবেশপথ দিয়ে এখানে আসছে। বিভিন্ন ভোটকেন্দ্রের পাশে আসছে।
‘এ কারণে শিক্ষার্থীরা অনিরাপত্তা বোধ করছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, যারা এখানে বহিরাগত আছে, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।’