আর্কটিক ও নর্থ আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা জোরদারে গ্রিনল্যান্ড ও আমেরিকার সঙ্গে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তির চূড়ান্ত অনুমোদন করেছে ডেনমার্কের পার্লামেন্ট। দীর্ঘ টানাপোড়েনের পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডেনিশ পার্লামেন্ট 'ফোকেটিং'-এ ১০৯-০ ভোটে কোনো বিরোধিতা ছাড়াই গুরুত্বপূর্ণ চুক্তিটি অনুমোদিত হয়। এর মধ্য দিয়ে চুক্তি কার্যকরের জন্য প্রয়োজনীয় সংসদীয় অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হলো।
ন্যাটো মিত্র ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের চাপের পর এই ভোটাভুটি অনুষ্ঠিত হলো।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড এপির প্রতিবেদনে জানানো হয়, গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেনের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর আগে চলতি মাসের শুরুতে গ্রিনল্যান্ডের পার্লামেন্টেও চুক্তিটি অনুমোদন পায়।
নতুন চুক্তির আওতায় গ্রিনল্যান্ডে আমেরিকার সামরিক উপস্থিতি সম্প্রসারণ এবং নতুন সামরিক স্থাপনা গড়ে তোলার সুযোগ তৈরি হবে। পাশাপাশি আর্কটিক অঞ্চলে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করা হবে।
গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে ডনাল্ড ট্রাম্পের ধারাবাহিক বক্তব্য ও চাপকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে আমেরিকা ও ডেনমার্কের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চলছিল। নতুন এই চুক্তির মাধ্যমে সেই উত্তেজনা প্রশমনের পাশাপাশি আর্কটিক অঞ্চলে আমেরিকার কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হয়েছে।
তবে চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব আমেরিকার হাতে যাচ্ছে না। ডেনমার্কের অধীন স্বশাসিত অঞ্চল হিসেবেই থাকবে দ্বীপটি। এমনকি ভবিষ্যতে গ্রিনল্যান্ড স্বাধীনতা অর্জন করলেও নির্দিষ্ট শর্তে চুক্তিটি কার্যকর থাকবে।
উল্লেখ্য, নর্থ আমেরিকা ও ইউরোপের মধ্যবর্তী কৌশলগত অবস্থানের কারণে গ্রিনল্যান্ড সামরিক ও ভূরাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বীপটিতে আমেরিকার আগে থেকেই পিটুফিক স্পেস বেস নামে একটি সামরিক স্থাপনা রয়েছে।
আর্কটিক অঞ্চলে রাশিয়ার সামরিক তৎপরতা এবং চীনের ক্রমবর্ধমান কৌশলগত আগ্রহের প্রেক্ষাপটে অঞ্চলটিতে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চায় আমেরিকা। নতুন চুক্তিতে ন্যাটোর আর্কটিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।