হরমুজ প্রণালি ও ইরানের বন্দরে অ্যামেরিকার অবরোধের পর লোহিত সাগর, ওমান সাগর ও আরব উপসাগরে জাহাজ চলাচল বন্ধ করার হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক কেন্দ্রীয় কমান্ড সেন্টারের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি এ হুঁশিয়ারি দেন।
আবদুল্লাহি বলেন, ‘ইরান বন্দরে অ্যামেরিকার অবরোধ অবৈধ ও যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন।
‘এ অবরোধ চলতে থাকলে লোহিত সাগর, ওমান সাগর ও আরব উপসাগর দিয়ে জাহাজ চলাচল ও কোনো ধরনের আমদানি-রপ্তানি করতে দেওয়া হবে না।‘
বাণিজ্যিক যাতায়াতের অন্যতম দুই সমুদ্রপথ ওমান সাগর ও আরব উপসাগর, যেখানে প্রবেশের রাস্তা ভৌগলিক সীমানায় থাকা হরমুজ প্রণালির সাথে সংযুক্ত।
অন্যদিকে লোহিত সাগর সংলগ্ন ইরানের কোনো সীমান্ত নেই। তবে দেশটির মিত্র ইয়েমেনের হুথি গোষ্ঠীর সহায়তায় এ সাগরে প্রভাব ফেলতে সক্ষম ইরান।
অবরোধ চলাকালীন হরমুজ প্রণালি দিয়ে শুধু ইরান বন্দর ও তার উপকূলীয় এলাকায় প্রবেশ করা জাহাজগুলো আটক করছে অ্যামেরিকা। ওমান কিংবা আরব বন্দরে প্রবেশ করা জাহাজের জন্য এ অবরোধ প্রযোজ্য নয়।