লেবাননে ইসরায়েলি হামলা ও দখলদারিত্বের জেরে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সম্পর্ক তিক্ত রূপ ধারণ করেছে। এমনকি এক ফোনালাপে নেতানিয়াহুকে গালি দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প।
ফোনালাপটি সম্পর্কে অবগত একটি সূত্র ও ট্রাম্প প্রশাসনের দুজন শীর্ষ কর্মকর্তা সংবাদমাধ্যম এক্সিওসকে নিশ্চিত করেছে এসব তথ্য।
সূত্রের বরাত দিয়ে এস্কিওসের প্রতিবেদনে জানানো হয়, ফোন দিয়ে ট্রাম্প নেতানিয়াহুকে পাগল বলেছেন এবং অকৃতজ্ঞ বলে অভিযুক্ত করেছেন। একইসঙ্গে লেবাননের অঞ্চল দখল ও হামলা চালাতে নিষেধ করেছেন।
ট্রাম্প বলেছেন, ‘তুমি একটা আস্ত পাগল। আমি না থাকলে তুমি জেলে থাকতে।
‘আমি তোমার জীবন বাঁচাচ্ছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এ কারণে সবাই ইসরায়েলকে ঘৃণা করে।‘
একটি সূত্র জানিয়েছে, ওই সময় ট্রাম্প খুব রেগে ছিলেন। অতীতে নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপ হয়েছে। তবে এবারের কথোপকথন ছিল সত্যিকার অর্থেই বাজে।
অন্যদিকে অপর একটি সূত্র জানিয়েছে, ট্রাম্প দাবি করেছেন যে তিনি নেতানিয়াহুকে জেল থেকে বাঁচিয়েছেন- যা ইসরায়েলি প্রধানমন্ত্রীর দূর্নীতির মামলার সময় তাকে সমর্থন দেওয়ার প্রতি ইঙ্গিত দেয়।
অ্যামেরিকান কর্মকর্তারা জানিয়েছেন, লেবাননে ইসরায়েলের সামরিক আগ্রাসন বেড়েই চলছে এবং নেতানিয়াহু দেশটির বিভিন্ন অঞ্চল দখল অব্যাহত রেখেছেন। ট্রাম্প মনে করছেন, এভাবে নেতানিয়াহু চলমান যুদ্ধ পরিস্থিতি আরও জটিল করে তুলছেন।
এদিকে নেতানিয়াহুর কাছে ট্রাম্পের ফোনটি এমন সময় এসেছে, যখন তার কিছু সময় আগে লেবাননে যুদ্ধের জেরে অ্যামেরিকার সঙ্গে শান্তি আলোচনা বন্ধের হুমকি দেয় ইরান।
ইরানের হুমকির পরপর ইসরায়েল ও লেবাননের যুদ্ধ স্থগিত করার ঘোষণাও দিয়েছিলেন ট্রাম্প।
একইসঙ্গে ফোনকলের পরপর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল একাউন্টের পোস্টে লিখেন, ‘ইরানের সাথে আলোচনা দ্রুত গতিতে চলছে।’
তবে তিক্ত ফোনালাপের পর নেতানিয়াহু এক বিবৃতিতে জানান, হিজবুল্লাহ আক্রমণ বন্ধ না করলে ইসরায়েলি হামলা অব্যাহত থাকবে- এ কথা তিনি নিশ্চিতভাবে ট্রাম্পকে জানিয়েছেন।