নিউ ইয়র্কের ম্যানহাটনে যৌন নিপীড়নের মামলায় সাবেক হলিউড প্রযোজক হার্ভি ওয়েইনস্টাইনকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার বিচারক তাকে ২০০৬ সালে সাবেক টিভি প্রোডাকশন সহকারী মিরিয়াম হ্যালিকে যৌন নিপীড়নের ঘটনায় দোষী সাব্যস্ত করার পর এই সাজা ঘোষণা করেন।
সংবাদমাধ্যম এপি নিউজ জানায়, এর আগে ২০২০ সালে ওয়েইনস্টাইনকে যৌন নিপীড়ন ও ধর্ষণের মামলায় ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে ২০২৪ সালে নিউইয়র্কের সর্বোচ্চ আদালত সেই রায় বাতিল করে নতুন করে বিচারের নির্দেশ দেয়।
আদালত বলেছিল, মূল বিচারে এমন কয়েকজন নারীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল, যাদের অভিযোগ সরাসরি মামলার সঙ্গে সম্পর্কিত ছিল না।
এরপর নতুন করে বিচার শুরু হলে গত বছর ওয়েইনস্টাইন মিরিয়াম হ্যালিকে যৌন নিপীড়নের ঘটনায় আবারও দোষী সাব্যস্ত হন।
পুনরায় সাজা ঘোষণার আগে আদালতে বক্তব্য দেন মিরিয়াম হ্যালি।
তিনি বলেন, ওয়েইনস্টাইনের যৌন নিপীড়নের ঘটনা তার জীবন ও নিরাপত্তার ওপর এমন প্রভাব ফেলেছে, যা হয়তো কখনোই পুরোপুরি দূর হবে না।
“এটি আমার জন্য একটি জীবনব্যাপী সাজা,” বলেন হ্যালি।
অন্যদিকে ওয়েইনস্টাইন আদালতে হ্যালির কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেন। তবে একই সঙ্গে নিজেকে নির্দোষ প্রমানে পুনরায় আপিল করার সিদ্ধান্ত জানান তিনি।
বিচারক কার্টিস ফারবার বলেন, ওয়েইনস্টাইন একসময় চলচ্চিত্র শিল্পের অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। তবে তিনি যে অপরাধ করেছেন, তার তুলনায় তার পেশাগত সাফল্য গুরুত্ব হারিয়েছে।
২০১৭ সালে যৌন নিপীড়নের বিরুদ্ধে ‘মি টু’ আন্দোলন চলাকালে ওয়েইনস্টাইনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করে। ওই সময় এসব অভিযোগ আন্দোলন জোরালো করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।