গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে বিমান হামলায় হামাসের একজন জ্যেষ্ঠ অর্থ কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।
দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের দাবি অনুযায়ী, নিহত ওই অর্থ কর্মকর্তা হলেন মোহাম্মদ আবু এলওয়ান। একই হামলায় অপর একজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার খান ইউনিসের পশ্চিমাঞ্চলে একটি গাড়িতে ওই বিমান হামলা চালানোহয়। ফিলিস্তিনি চিকিৎসাকর্মীরা জানান, হামলায় মোহাম্মদ আবু এলওয়ানও ওসামা আবু খাতের নিহত হন। আহত হয়েছেন আরও দুজন।
নেতানিয়াহু ও কাটজের যৌথ বিবৃতিতে বলা হয়, হামাসকে গাজায় পুনরায় শক্তিশালী হতে দেওয়া হবে না। হামাসের অস্তিত্ব শেষ না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়া হবে। তবে ইসরায়েলের এই দাবির বিষয়ে হামাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এদিকে বুধবার গাজা সিটি ও মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় পৃথক দুটি ইসরায়েলি বিমান হামলায় আরও দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্তৃপক্ষ। এসব হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মকর্তাদের হিসাবে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় ইসরায়েলি অভিযানে ৭৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় সহিংসতা অব্যাহত রয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্যকর্তৃপক্ষের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় অন্তত ১ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের অধিকাংশই বেসামরিক নাগরিক। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, একই সময়ে তাদের চারজন সেনা নিহত হয়েছেন।