নিয়ম পরিবর্তন
একসঙ্গে ট্রাম্প মনোনীত ৪৮ জনের নিয়োগ অনুমোদন সিনেটের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮ ২০২৫, ২১:৩৮ হালনাগাদ: মার্চ ২ ২০২৬, ০:৩০

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

  • 0

নিয়োগ স্থবির করে দেওয়ার কৌশলে ক্ষুব্ধ সিনেট রিপাবলিকানরা গত সপ্তাহে নিম্ন স্তরের, বিচার বিভাগের বাইরের পদগুলোতে মনোনীতদের নিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ নেন।

ডেমোক্র্যাটদের বাধা দূরে সরিয়ে একসঙ্গে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মনোনীত ৪৮ জনের নিয়োগ অনুমোদন করেছে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট।

অ্যাসোসিয়েটেড প্রেস-এপি বৃহস্পতিবার জানায়, ডেমোক্র্যাটদের বাধায় নির্বাহী বিভাগের পদগুলোতে আটকে থাকা নিয়োগগুলো অনুমোদন দিতে নতুন নিয়ম অনুসরণ করেন রিপাবলিকান সিনেটররা।

বার্তা সংস্থাটি জানায়, নিয়োগ স্থবির করে দেওয়ার কৌশলে ক্ষুব্ধ সিনেট রিপাবলিকানরা গত সপ্তাহে নিম্ন স্তরের, বিচার বিভাগের বাইরের পদগুলোতে মনোনীতদের নিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ নেন।

নির্বাহী পদগুলোতে ট্রাম্প মনোনীত প্রায় প্রত্যেকের বিষয়ে রিপাবলিকানদের একাধিক ভোটে বাধ্য করেছেন ডেমোক্র্যাটরা। দলটির এ অবস্থানে ক্ষুব্ধ ছিলেন প্রেসিডেন্ট।

নতুন নিয়মের ফলে সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে সহজে ট্রাম্প মনোনীত একাধিক ব্যক্তির নিয়োগে অনুমোদন দিতে পারবেন সিনেটের রিপাবলিকানরা। ইতোপূর্বে একটি মাত্র আপত্তিতে এ প্রক্রিয়া থমকে যেত।

বিচার বিভাগ কিংবা উচ্চ পর্যায়ের মন্ত্রিপরিষদের পদগুলোতে মনোনয়নের ক্ষেত্রে নতুন নীতিমালা প্রযোজ্য হবে না।

নিয়ম পরিবর্তন নিয়ে ভোটাভুটির আগে সিনেটে সংখ্যাগরিষ্ঠ নেতা জন ঠুন বলেন, ভেঙে যাওয়া একটি প্রক্রিয়াকে ঠিক করেছেন রিপাবলিকানরা।

ট্রাম্প মনোনীত চার ডজন ব্যক্তির নিয়োগ অনুমোদনের পক্ষে ভোট পড়ে ৫১টি। অন্যদিকে এর বিপক্ষে ভোট পড়ে ৪৭টি।

ঠুন জানান, বৃহস্পতিবার যাদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তাদের সবাই দুই দলের ভোটই পেয়েছেন।