গত বছর রাশিয়ার সামরিক বাহিনীকে চীন গোপনে প্রশিক্ষণ দিয়েছে এমন একটি তথ্য প্রকাশ পেয়েছে। একইসঙ্গে, চীন কর্তৃক প্রশিক্ষণের বিষয়টি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিরক্ষামন্ত্রী ব্যক্তিগতভাবে অনুমোদন দিয়েছিলেন বলে জানানো হয়েছে।
দুজন ইউরোপীয়ান কর্মকর্তা এবং হাতে আসা কিছু নথির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এসব তথ্য।
সূত্রের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, প্রশিক্ষণটির অনুমোদনের জন্য রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দুই দেশের কমপক্ষে চারজন শীর্ষ সামরিক কর্মকর্তা সরাসরি যুক্ত ছিলেন। প্রশিক্ষণটি ছিল মূলত রাশিয়া ও চীনের সমন্বয়ে ইউক্রেন সংশ্লিষ্ট যুদ্ধের প্রেক্ষিতে।
রাশিয়ার সুনির্দিষ্ট একটি নথিতে ২০২৫ সালের আগস্ট মাসে রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসউভের জারি করা একটি অভ্যন্তরীণ নির্দেশনার তথ্য রয়েছে। ওই নথিতে বলা হয়েছে, বেলুউসভের সিদ্ধান্তে রুশ বাহিনীর একটি দল চীনের পিপলস ন্যাশনাল আর্মির স্থাপনাগুলোতে প্রশিক্ষণ ও মহড়া নিতে যায়।
প্রশিক্ষণের বিষয় ও বিস্তারিত উল্লেখ করে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গত বছর নভেম্বর মাসে চীনের রাজধানী বেইজিংয়ে একটি সামরিক স্থাপনায় প্রায় ২০০ রুশ সেনাকে নিয়ে প্রশিক্ষণটির সময়কাল ছিল তিন সপ্তাহব্যাপী। ওই সময়ের ভিতর রুশ বাহিনীকে রেডিওলজিক্যাল, জৈবিক ও রাসায়নিক (সিবিআরএন) সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ দেয় চীন। প্রশিক্ষণে রাসায়নিক ও বিকিরণ নজরদারি এবং দূষণ থেকে ভেন্টিলেশন ব্যবস্থা সুরক্ষার কৌশল শেখানো হয়।
তবে চীন এসব বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজেদের নিরপেক্ষ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে।