ভর্তি পরীক্ষায় এআই জালিয়াতি ঠেকাতে দুর্যোগ সতর্কবার্তার আশ্রয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন।
- 0

দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন।

প্রকাশিত: নভেম্বর ২২ ২০২৬, ১৬:০৩ হালনাগাদ: নভেম্বর ২২ ২০২৬, ১৬:১৪

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স-এআই জালিয়াতি ঠেকাতে শেষ মুহূর্তে নেওয়া ব্যতিক্রমী পদক্ষেপ ঘিরে দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। দেশটির বার্তা সংস্থা ইয়োনপোকে রোববার এক সাক্ষাৎকারে নিজের ব্যর্থতার কথা স্বীকার করে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন শিক্ষামন্ত্রী।
চোই বলেন, শিক্ষামন্ত্রী হিসেবে আগে থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ার সমালোচনা তিনি এড়াতে পারেন না। পরীক্ষা শেষ হওয়ার পর তিনি নিজের দায়বদ্ধতা অনুভব করছেন এবং পদত্যাগ করছেন।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, দক্ষিণ কোরিয়ায় গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বার্ষিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং।’ পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতির আশঙ্কায় পরীক্ষার্থীদের ওপর নজরদারি বাড়াতে জরুরি কিছু পদক্ষেপ নেন চোই। এর মধ্যে ছিল দেশজুড়ে সব মোবাইল ফোনে জরুরি দুর্যোগ সতর্কবার্তা পাঠানো। তবে শেষমুহূর্তে নেওয়া ওই পদক্ষেপের ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে সমালোচনার মুখে পড়েন শিক্ষামন্ত্রী।
যে কারণে এমন পদক্ষেপ
গত এপ্রিল মাসে দক্ষিণ কোরিয়ার জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষণ পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন হান ওন-সক। ওই পরীক্ষায় ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটিতে ভুল করেছিলেন ৩৪ বছর বয়সী হান। তার অস্বাভাবিক ভালো ফল নিয়ে সন্দেহ তৈরি হলে তিনি জালিয়াতির কথা স্বীকার করেন।
গত সপ্তাহে এক ভিডিও বার্তায় হান জানান, একটি ক্ষুদ্র ক্যামেরা দিয়ে পরীক্ষার প্রশ্নের ছবি তুলে তিনি তা এআইয়ের কাছে পাঠাতেন। পরে স্মার্টফোনের মাধ্যমে নিজের উত্তর যাচাই করতেন।
এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একই ধরনের জালিয়াতি ঠেকাতে তড়িঘড়ি জাতীয় দুর্যোগ সতর্কতা ব্যবস্থা ব্যবহার করেন চোই।
ফলে পরীক্ষার দিন বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টার মধ্যে তিন দফায় দেশজুড়ে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। এতে একযোগে বেজে ওঠে দেশের বিভিন্ন প্রান্তের মোবাইল ফোন। ফোন সাইলেন্ট মোডে থাকলেও সতর্কবার্তার শব্দ শোনা যায়। এমনকি ডেটা রোমিং ব্যবহার করা বিদেশি পর্যটকদের ফোনেও তা পৌঁছায়।
এ ছাড়া পরীক্ষার্থীদের শার্ট ও জ্যাকেটের বোতাম ঢেকে রাখতে বলা হয়, যাতে সেগুলোর মধ্যে লুকানো ক্যামেরা ব্যবহার করা না যায়। পরীক্ষার্থীদের চশমাও পরীক্ষা করেন কর্মকর্তারা।
তবে এসব পদক্ষেপে সৎ পরীক্ষার্থীদের মধ্যেও সন্দেহ ও উদ্বেগ তৈরি হয়। কোরিয়া টাইমসকে এক পরীক্ষার্থী জানান, তার মোটা ফ্রেমের চশমাকে স্মার্ট চশমা মনে করা হতে পারে বলে তিনি চিন্তিত ছিলেন। আরেক পরীক্ষার্থী জানান, সাধারণত চশমা ব্যবহার করলেও সন্দেহ এড়াতে পরীক্ষার দিন কনট্যাক্ট লেন্স পরেছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের সুনেউং পরীক্ষায় ১১১ জন পরীক্ষার্থীর কাছে অননুমোদিত স্মার্ট ডিভাইস পাওয়া গেছে। এতে অংশ নেন প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী।
দক্ষিণ কোরিয়ায় সুনেউং পরীক্ষা শিক্ষার্থীদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় নয় ঘণ্টার এই পরীক্ষার ফলের ওপর নির্ভর করে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ এবং ভবিষ্যৎ পেশাজীবনের পথ অনেকাংশে নির্ধারিত হয়।
