Skip to main content

১২টি পেশায় ৭০ শতাংশ সৌদিকরণ বাধ্যতামূলক করেছে সৌদি সরকার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২ ২০২৬, ১২:৫৮

১২টি পেশায় ৭০ শতাংশ সৌদিকরণ বাধ্যতামূলক করেছে সৌদি সরকার
  • 0

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে নির্ধারিত ১২টি পদের অন্তত ৭০ শতাংশে সৌদি নাগরিক নিয়োগ দিতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

বেসরকারি খাতে স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান বাড়াতে ক্রয় ও সরবরাহ এবং লজিস্টিকস খাতের ১২টি গুরুত্বপূর্ণ পেশায় ন্যূনতম ৭০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ বাধ্যতামূলক করেছে সৌদি আরব। তিন বা তার বেশি কর্মী রয়েছে—এমন বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নতুন এই নির্দেশনা কার্যকর হবে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে নির্ধারিত ১২টি পদের অন্তত ৭০ শতাংশে সৌদি নাগরিক নিয়োগ দিতে হবে। নতুন নীতির বাস্তবায়ন তদারকিতে মাঠপর্যায়ে পরিদর্শন শুরু করেছে মন্ত্রণালয়। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

সৌদিকরণের আওতায় আনা পেশাগুলোর মধ্যে রয়েছে প্রকিউরমেন্ট ম্যানেজার, প্রকিউরমেন্ট স্পেশালিস্ট, কন্ট্রাক্টস ম্যানেজার, ওয়্যারহাউস ম্যানেজার, লজিস্টিকস ম্যানেজার এবং মার্কেট রিসার্চ স্পেশালিস্ট। এসব পেশা সরবরাহব্যবস্থা, পণ্য ব্যবস্থাপনা, চুক্তি পরিচালনা এবং বাজার বিশ্লেষণের সঙ্গে সরাসরি যুক্ত।

সরকারের নতুন সিদ্ধান্তের মূল লক্ষ্য সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির আওতায় বেসরকারি খাতে স্থানীয় কর্মীদের অংশগ্রহণ বাড়ানো। তেলনির্ভর অর্থনীতির বাইরে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি, দক্ষতা উন্নয়ন এবং তরুণদের জন্য মানসম্মত চাকরির সুযোগ বাড়াতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন খাতে সৌদিকরণ নীতি বাস্তবায়ন করছে রিয়াদ।

মানবসম্পদ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, প্রকিউরমেন্ট ও লজিস্টিকস খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বাণিজ্য, শিল্প, গুদাম ব্যবস্থাপনা, পরিবহন এবং সরবরাহ শৃঙ্খল খাতে নতুন বিনিয়োগ বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষ জনবলের চাহিদাও বাড়ছে। এই খাতে স্থানীয় নাগরিকদের অগ্রাধিকার নিশ্চিত করতেই নতুন কোটা নির্ধারণ করা হয়েছে।

সৌদি আরব এর আগে খুচরা বিক্রয়, পর্যটন, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, আইন, প্রকৌশল এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে সৌদিকরণ নীতি জোরদার করেছে। নতুন সিদ্ধান্তের ফলে প্রকিউরমেন্ট ও লজিস্টিকস খাতে কর্মরত বিদেশি কর্মীদের চাকরির বাজারে প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে এই নীতির সফলতা নির্ভর করবে স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বাস্তবায়ন সক্ষমতার ওপর। কারণ প্রকিউরমেন্ট ও লজিস্টিকস খাতে আন্তর্জাতিক বাণিজ্য, সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতার প্রয়োজন হয়।

সৌদি সরকার বলছে, কঠোর তদারকির পাশাপাশি স্থানীয় কর্মীদের দক্ষ করে গড়ে তোলার উদ্যোগও চলবে। লক্ষ্য একটাই—বেসরকারি খাতে সৌদি নাগরিকদের জন্য টেকসই কর্মসংস্থান নিশ্চিত করা এবং ভিশন ২০৩০-এর অর্থনৈতিক বৈচিত্র্যকরণ পরিকল্পনাকে এগিয়ে নেওয়া।

(তথ্য ও প্রতিবেদন: শিহাব শাহীন)