অ্যামেরিকায় বিনিয়োগ বাড়িয়ে ১ ট্রিলিয়ন ডলার করতে পারে সৌদি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৮ ২০২৫, ১৯:১১ হালনাগাদ: ফেব্রুয়ারি ২৭ ২০২৬, ৮:০৯

হোয়াইট হাউসের ওভাল অফিসে মঙ্গলবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

হোয়াইট হাউসের ওভাল অফিসে মঙ্গলবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

  • 0

সৌদি যুবরাজকে পাশে রেখে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প দাবি করেন, ২০১৮ সালে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগজিকে হত্যার বিষয়ে কিছুই জানতেন না সৌদির কার্যত নেতা।

অ্যামেরিকায় ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগকে বাড়িয়ে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে পারে সৌদি আরব।

হোয়াইট হাউসের ওভাল অফিসে মঙ্গলবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বক্তব্যকালে এমবিএস অ্যামেরিকায় ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে পারেন বলে জানান।

ওই সময় ট্রাম্প তাকে বিষয়টি নিশ্চিত করতে বলেন। জবাবে এমবিএস বলেন, ‘সুনিশ্চিতভাবে’।

তার পরিপ্রেক্ষিতে ট্রাম্প বলেন, ‘এটি অসাধারণ। আমি এর প্রশংসা করছি।’

সৌদি যুবরাজকে পাশে রেখে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প দাবি করেন, ২০১৮ সালে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগজিকে হত্যার বিষয়ে কিছুই জানতেন না সৌদির কার্যত নেতা।

তার এ দাবি ২০২১ সালে প্রকাশিত অ্যামেরিকার একটি গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক।

রিপাবলিকান প্রেসিডেন্টের মতে, খাশোগজি নিজেই ‘চরম বিতর্কিত’ ছিলেন। অনেক মানুষই তাকে পছন্দ করতেন না।

বৈঠকে দুই নেতা নিবিড় অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা নিয়ে আলাপ করেন।

এর আগে সৌদি যুবরাজকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

ট্রাম্প ও এমবিএসের সাক্ষাতের দিনে হোয়াইট হাউসে আসার কথা রয়েছে সৌদির ফুটবল ক্লাব আল-নাসরের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর।