অভিবাসীদের বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে দেশব্যাপী এক বৃহৎ অভিযান চালিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।
গালফ নিউজ জানায়, গত ২৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সংঘটিত অভিযানে চিহ্নিত ১৩ হাজার ২৭৯ জন অভিবাসীকে ফেরত পাঠায় সৌদি আরব।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষ শনিবার জানায়, বিতাড়িতদের শ্রম, বসবাস ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ফেরত পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অভিযান চলাকালে ২১ হাজার ৬৫১ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১২ হাজার ৭৫২ জন অভিবাসীকে বসবাস আইন, ৪ হাজার ৫৭৭ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪ হাজার ৩২৯ জন শ্রম আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার হন।
এছাড়া ১ হাজার ৬৮৯ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশ চেষ্টার সময় গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে ৯৯ শতাংশই ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক।
কর্মকর্তারা আরও জানান, বসবাসরত ৫৯ জন অভিবাসী অবৈধভাবে দেশ ত্যাগ এবং ২১ জন ব্যক্তি অপরাধীদের পরিবহন, নিয়োগ ও আশ্রয় সুবিধা দেওয়ায় গ্রেপ্তার হন।
বর্তমানে দেশটিতে বিভিন্ন সময় গ্রেপ্তার হওয়া ৩১ হাজার ৮২৬ জন অভিবাসী আইনি হেফাজতে আছেন, যাদের মধ্যে ১ হাজার ৬৭৫ জন নারী। এদের মধ্যে ২১ হাজার ৮৮৯ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাতে দূতাবাসে প্রক্রিয়া চলমান।
সৌদি আরবে বসবাসরত অভিবাসীদের ওপর সাম্প্রতিক এ অভিযান একটি সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অভিবাসীরা অপরাধে যুক্ত হলে প্রচলিত আইনে শাস্তি ও জনসমক্ষে লজ্জাজনক অবস্থার মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।