সৌদি আরবে দুই বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ারকে তলব করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করে দুই বাংলাদেশি প্রবাসীর শিরশ্ছেদ এবং এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ সরকার।
এর আগে গতকাল শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সরকার এখনো বিস্তারিত তথ্য পায়নি। এ বিষয়ে তথ্য জানতে সৌদি আরবকে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত বুধবার(১৪ অক্টোবর) দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি কর্তৃপক্ষ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি হলেন নিহত নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।
মৃত্যুদণ্ড কার্যকরের আগে দেশটির সরকার সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বা সংশ্লিষ্ট কাউকে বিষয়টি অবগত করেনি। একইসঙ্গে মসজিদের নাম প্রকাশ না করা, বিচার চলাকালীন বাংলাদেশি কর্তৃপক্ষ কেউ না থাকা, অভিযুক্তরা নিজেদের বক্তব্য প্রদানে যথেষ্ট সুযোগ না পাওয়ার ফলে আলোচনা-সমালোচনা শুরু হয়।
অন্যদিকে শামা ওবায়েদ শনিবার মৃত্যুদণ্ডের ঘটনাটি বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি ‘বড় শিক্ষা’ বলে মন্তব্য করেছিলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এ মন্তব্য নিয়েও সামাজিক মাধ্যমে ব্যপক সমালোচনা শুরু হয়। বাংলাদেশ সরকার প্রবাসীদের নিরাপত্তার জন্য কী ধরনের কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করে, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। উন্নত দেশের অভিবাসীদের বেলায় সৌদি আরবে সাজা মওকুফের উদাহরণ থাকলেও, বাংলাদেশ সরকার সৌদি প্রবাসীদের রক্ষায় যথেষ্ট সচেতন নয় বলেও অভিযোগ করেন নেটিজেনরা।