ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম।
ডাকসুতে দিনভর ভোট শেষে বাংলাদেশ সময় বুধবার শুরুর দিকে ফল ঘোষণা আরম্ভ হয়।
এর আগে থেকে সিনেট ভবনে উপস্থিত হন অনেক শিক্ষার্থী। তারা অপেক্ষা করতে থাকেন ফলের জন্য।
বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে জানানো হয়, অমর একুশে ও সুুফিয়া কামাল হলে ১ হাজার ৯১৪ ভোট পেয়ে বড় ব্যবধান গড়েন সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পান ৫৬৪ ভোট।
শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক-জিএস ও সহসাধারণ সম্পাদক-এজিএস প্রার্থীরাও রয়েছেন এগিয়ে।
চ্যানেল টোয়েন্টিফোরের ইউটিউব লাইভে প্রদর্শিত ফল অনুযায়ী, শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী সাদিক ৬ হাজার ৩৬০ ভোট ও জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ ৪ হাজার ৬৬১ ভোট পান।
ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদ ১ হাজার ৬৬০ ভোট ও জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম পান ১ হাজার ৫৫১ ভোট।
সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা নাগাদ ভোটগ্রহণ হয় ডাকসু নির্বাচনের।
বহুল আলোচিত এ নির্বাচনে কিছু কেন্দ্রে কারচুপির অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। অন্যদিকে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম অভিযোগ করেন নির্বাচন বানচালের চেষ্টার।
ছয় বছর পর হওয়া এ নির্বাচন চলাকালে সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি। সর্বশেষ ২০১৯ সালে ডাকসু নির্বাচন হয়েছিল।