ইউক্রেনে যুদ্ধ বন্ধের লক্ষ্যে এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার আলাস্কায় পৌঁছেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, আলাস্কায় বিমান থেকে নেমে পরিচিত লাল টাই পরে লালগালিচা ধরে হেঁটে গিয়ে থামেন ট্রাম্প। তিনি অপেক্ষা করেন পুতিনের জন্য।
দুই প্রেসিডেন্টের গায়েই ছিল ধূসর রঙের স্যুট। পুতিনের জন্য অপেক্ষার সময় কয়েকবার হাত উঁচু করেন করমর্দনের জন্য অপেক্ষারত ট্রাম্প।
পরবর্তী সময়ে সামরিক ঘাঁটির ওই স্থানটিতে উষ্ণভাবে পুতিনের সঙ্গে করমর্দন করেন তিনি।
সে সময় অ্যামেরিকার সামরিক বিমান উড়ে যায় দুই প্রেসিডেন্টের মাথার ওপর দিয়ে। ট্রাম্প কিছুক্ষণের জন্য স্যালুট জানান।
দুই নেতার উপস্থিতিতে আশপাশে থাকা রিপোর্টাররা বেশ জোরে তাদের উদ্দেশে প্রশ্ন করেন। উভয়ই প্রশ্নের উত্তর এড়িয়ে যান।
হাস্যোজ্জ্বল দুই নেতা পরবর্তী সময়ে লালগালিচা ধরে একটি রাইজারে গিয়ে দাঁড়ান, যাতে লেখা ছিল ‘আলাস্কা ২০২৫’।
কুশল বিনিময় শেষে বৈঠক শুরু করেন ট্রাম্প ও পুতিন।
সামরিক ঘাঁটির একটি কক্ষে পাশাপাশি বসেন দুই নেতা। উভয় পক্ষের প্রতিনিধিদলের সদস্যরা পাশাপাশি বসেন।
দুই নেতার পেছনে নীল রঙের ব্যানারে লেখা ছিল ‘পারসুইং পিস’ বা শান্তির সন্ধানে।