যুদ্ধ বন্ধে তেহরানকে দেওয়া অ্যামেরিকার প্রস্তাবের আনুষ্ঠানিকাবে জবাব পাঠিয়েছে ইরান।
সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, প্রাথমিকভাবে ইরানের জবাব মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে পাঠানো হয়েছে।
সেখান থেকে এটি অ্যামেরিকার কাছে হস্তান্তর হবে।ইরানের কাছ থেকে জবাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসলামাবাদ।
তবে এখন গুরুত্বপূর্ণ হলো ইরানের জবাব হাতে পাওয়ার পর অ্যামেরিকা কি প্রতিক্রিয়া জানায় এবং সমাধানের পথ কতটুকু অগ্রসর হয়।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে যুদ্ধ বন্ধে ইরানকে একটি ১৪ দফা প্রস্তাব পাঠায় অ্যামেরিকা।
প্রস্তাবে দাবি করা অ্যামেরিকার শর্তের মধ্যে ছিল যুদ্ধ বন্ধে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধে সম্মত হতে হবে এবং ১২ বছরের জন্য ইউরেনিয়াম সম্মৃদ্ধকরণ সম্পর্কিত সব ধরনের কার্যাবলি স্থগিত করতে হবে।
একই সঙ্গে, ইতোমধ্যে দেশটির মজুদকৃত ৪৪০ কেজি ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে।
বিনিময়ে, ইরানের জব্দকৃত বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করবে অ্যামেরিকা। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ ও যুদ্ধ চলাকালীন সময়ের বিভিন্ন নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নেওয়া হবে।
তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের দাবি বারবার প্রত্যাখ্যান করে এসেছে ইরান। এ বিষয়ে দেশটি তার জবাবে কি জানিয়েছে, তা এখনও নিশ্চিত নয়।
প্রাথমিকভাবে জানা যায়, ইরান তার জবাবে হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে জোর দিয়েছে।