এপস্টিন তদন্তে কংগ্রেসে সাক্ষ্য দিতে সমঝোতা চূড়ান্ত করেছেন ক্লিনটন দম্পতি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪ ২০২৬, ১৫:৫৬ হালনাগাদ: ফেব্রুয়ারি ৪ ২০২৬, ২২:০৯

এপস্টিন তদন্তে কংগ্রেসে সাক্ষ্য দিতে সমঝোতা চূড়ান্ত করেছেন ক্লিনটন দম্পতি
  • 0

যৌন অপরাধী জেফরি এপস্টিনকে ঘিরে কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন সাবেক অ্যামেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক স্টেইট সেক্রেটারি হিলারী ক্লিনটন। কংগ্রেস অবমাননার ভোটের হুমকির মুখে রিপাবলিকানদের সঙ্গে একটি সমঝোতার মাধ্যমে তারা এই সিদ্ধান্ত নেন।

যৌন অপরাধী জেফরি এপস্টিনকে ঘিরে কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন সাবেক অ্যামেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক স্টেইট সেক্রেটারি হিলারী ক্লিনটন। কংগ্রেস অবমাননার ভোটের হুমকির মুখে রিপাবলিকানদের সঙ্গে একটি সমঝোতার মাধ্যমে তারা এই সিদ্ধান্ত নেন।

হাউস ওভারসাইট কমিটির সঙ্গে চুক্তি অনুযায়ী, হিলারি ক্লিনটন আগামী ২৬ ফেব্রুয়ারি এবং বিল ক্লিনটন ২৭ ফেব্রুয়ারি সাক্ষ্য দেবেন। এই তদন্তে এটি হবে প্রথমবারের মতো কোনো সাবেক প্রেসিডেন্টকে কংগ্রেসের পক্ষ থেকে সাক্ষ্য দিতে বাধ্য করার ঘটনা।

রিপাবলিকান নিয়ন্ত্রিত কমিটি গত কয়েক মাস ধরে ক্লিনটন দম্পতিকে তদন্তের কেন্দ্রে আনতে চেষ্টা করছিল। তদন্তের মূল বিষয়—দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন ও তার সহযোগী গিসলিন ম্যাক্সওয়েল কীভাবে প্রভাবশালী ও ধনী ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পেরেছিলেন। এপস্টিন ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে আত্মহত্যা করেন।

হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কোমার এক বিবৃতিতে বলেন, এই সাক্ষ্যের মাধ্যমে এপস্টিন ও ম্যাক্সওয়েলের “ভয়াবহ অপরাধ” নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চান তারা।

এর আগে কমিটির জারি করা সমন মানতে অস্বীকৃতি জানালে ক্লিনটন দম্পতির বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগ এনে ভোটের প্রস্তুতি নিচ্ছিলেন রিপাবলিকানরা। এতে দোষী সাব্যস্ত হলে বড় অঙ্কের জরিমানা এমনকি কারাদণ্ডের ঝুঁকিও ছিল। তবে হাউস স্পিকার মাইক জনসন জানিয়েছেন, আপাতত সেই প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।

চুক্তি অনুযায়ী, ক্লিনটনদের সাক্ষ্যগ্রহণ হবে বন্ধ কক্ষে। সাক্ষ্য ভিডিও ও লিখিতভাবে সংরক্ষণ করা হবে এবং পরবর্তীতে ট্রান্সক্রিপ্ট প্রকাশ করা হতে পারে। যদিও ক্লিনটনরা শুনানিকে প্রকাশ্যে করার আগ্রহ দেখালেও কমিটি প্রাথমিকভাবে তা বন্ধ রাখার পক্ষেই রয়েছে।

এপস্টিন কেলেঙ্কারি ঘিরে হাউস রিপাবলিকানদের তদন্তে ক্লিনটন দম্পতির সাক্ষ্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। একদিকে এটি কংগ্রেসের নজিরবিহীন ক্ষমতা প্রয়োগের উদাহরণ, অন্যদিকে আসন্ন নির্বাচনী বছরে ডেমোক্র্যাটদের জন্য বাড়তি রাজনৈতিক চাপ তৈরির সম্ভাবনাও থাকছে। তদন্তের তথ্য প্রকাশ পেলে এই ইস্যু অ্যামেরিকার রাজনীতিতে নতুন বিতর্ক উসকে দিতে পারে।