পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিজে) আজকের রায় রোহিঙ্গা জনগোষ্ঠী ও বাংলাদেশের জন্য ইতিবাচক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের রায় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
রায়ের পর শামা ওবায়েদ বলেন, গাম্বিয়াসহ সব আন্তর্জাতিক কমিউনিটিকে ধন্যবাদ। এই রায়ে পরিষ্কার মিয়ানমার গণহত্যা চালিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়ে আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) সংবাদ সম্মেলন হবে।
তিনি বলেন, বাংলাদেশ সরকার মিয়ানমারের সঙ্গে কথা বলে আসছে। ইউএন অ্যাসেম্বলিতে কথা হয়েছে। এখন মিয়ানমার সরকারকে চাপ দেয়ার বড় ক্ষেত্র তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, এই রায়ের পর যদি গণহত্যা, অত্যাচার আবার শুরু হয় সে বিষয়ে বাংলাদেশ সতর্ক থাকবে। আমরা চাই না রোহিঙ্গাদের ওপর নির্যাতন নেমে আসুক। আমরা এর প্রতিবাদ জানাই। রোহিঙ্গা জনগোষ্ঠী নিজের দেশে ফিরে যেতে চায়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরে রোহিঙ্গা সমস্যার গুরুত্ব তুলে ধরেন। তারা বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এই রায় শক্তভাবে দাবি উত্থাপনের সুযোগ করে দিয়েছে। আশা করি রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে।