সারা দেশে একযোগে আজ অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোট প্রদান চলেছে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
ভোট শেষে পোলিং কর্মকর্তা, সাংবাদিক ও পর্যবেক্ষকদের সামনে শুরু হয়েছে ভোট গণনার ফল।
এ নির্বাচনে সংসদ নির্বাচনের পাশাপাশি যুক্ত হয়েছে গণভোট। সেই সঙ্গে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন বিভিন্ন দেশে থাকা প্রবাসীরাও।
বিদেশি সাংবাদিকদের মিডিয়া সেন্টারে ১০ ফেব্রুয়ারি ইসি সচিব আখতার আহমেদ জানান, পোস্টাল ব্যালটে ভোট গণনা করতে হয় ধাপে ধাপে। এর জন্য অতিরিক্ত সময় প্রয়োজন।
যার ফলে বিগত নির্বাচনের তুলনায় এ বছর ভোট গণনায় কিছুটা বেশি সময় লাগবে।
নির্বাচন কমিশন ও ভোট গণনাকারী কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালের দিকে নির্বাচনের ফলাফল জানা যাবে।
তবে কারো কারো মতে, এ ফলাফল জানতে বিকেল হতে পারে।
যেভাবে জানা যাবে ফলাফল
ভোট গণনার গতিবিধি ও দ্রুত ফলাফল জানতে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে জাতীয় নির্বাচন কমিশন। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে অ্যাকাউন্ট খোলা বা লগ ইনের মাধ্যমে ভোটের ফলাফল ঘরে বসেই জানতে পারবেন প্রার্থীরা।
অ্যাপটি প্রতিটি কেন্দ্রের ফলাফল উপস্থাপন করবে গ্রাফ ও চার্টের মাধ্যমে। এতে করে কোনো প্রার্থী ও দলের অবস্থান সহজেই বুঝা যাবে।