ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় রাশিয়ার রাতভর চালানো ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়া এক রাতে ৬৮টি ক্ষেপণাস্ত্র, যার মধ্যে ২৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এবং ৩৫১টি ড্রোন নিক্ষেপ করেছে।
বিমান বাহিনীর দাবি, তারা ৩৭টি ক্ষেপণাস্ত্র ও ৩২৬টি ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করেছে। তবে ২৯টি ক্ষেপণাস্ত্র এবং ১৮টি ড্রোন দেশের ৩৪টি স্থানে আঘাত হানে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, রাজধানীতে অন্তত ১৫ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ২৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কিয়েভ অঞ্চলে আরও ছয়জন নিহত ও অন্তত ২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর মিকোলা কালাশনিক।
কিয়েভের বিভিন্ন এলাকায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু স্থানে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে।
হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের প্রতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদারের আহ্বান জানান। তিনি বলেন, উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পর্যাপ্ত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের অভাব রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আরও গোলাবারুদ সরবরাহের আহ্বান জানান তিনি।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের হামলার লক্ষ্য ছিল কিয়েভের সামরিক-শিল্প, জ্বালানি স্থাপনা এবং সামরিক বিমানঘাঁটির অবকাঠামো।
এদিকে, রাশিয়ার দাবি অনুযায়ী, তারা রবিবার মধ্যরাত থেকে সোমবার পর্যন্ত ইউক্রেনের অন্তত ৬২৫টি ড্রোন ভূপাতিত করেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীর দিকে আসা অন্তত ১৫টি ইউক্রেনীয় ড্রোনও প্রতিহত করা হয়েছে।