পোল্যান্ডে স্টারলিংক স্যাটেলাইট স্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় রাশিয়ার গোয়েন্দা সংস্থাকে দায়ী করেছে দেশটির সরকার। এ ঘটনায় সন্দেহভাজন দুই তুর্কি নাগরিককে জার্মানিতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পোলিশ কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর ওয়ারশের প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে ওলা ক্রোবোস্কা এলাকায় স্টারলিংক অবকাঠামোয় আগুন দেওয়ার ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি।
পোল্যান্ডের ইনটেলিজেন্স সার্ভিস মিনিস্টার টমাস সিমোনিয়াক বলেছেন, এ নাশকতার পেছনে রুশ গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে বলে তাঁদের দৃঢ় বিশ্বাস। তাঁর অভিযোগ, রাশিয়া গোপন অভিযান চালাতে অপরাধজগতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যবহার করছে।
প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘটনাটিকে ‘হাইব্রিড যুদ্ধের আরেকটি ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন।
এপির তথ্য অনুযায়ী, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে ইউরোপে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বলে পশ্চিমা কর্মকর্তারা মনে করেন, এমন ২১০টিরও বেশি নাশকতা ও বৈরী কর্মকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়েছে।
কর্মকর্তাদের মতে, এসব কর্মকাণ্ডের লক্ষ্য ইউক্রেনের প্রতি ইউরোপের সমর্থন দুর্বল করা, জনমনে আতঙ্ক ও বিভেদ সৃষ্টি করা এবং নিরাপত্তা সংস্থাগুলোর ওপর চাপ বাড়ানো।
মঙ্গলবার ওয়ারশে এক নিরাপত্তা সম্মেলনে সিমোনিয়াক বলেন, ইউক্রেনের মিত্র দেশগুলো প্রায় প্রতিদিনই রুশ নাশকতামূলক কর্মকাণ্ডের মুখোমুখি হচ্ছে। নরওয়ের নিরাপত্তা কর্মকর্তাও ইউরোপের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।