ইরানের খার্গ দ্বীপ দখলের পরিকল্পনায় ট্রাম্প

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬ ২০২৬, ১৬:৪৩ হালনাগাদ: মার্চ ১৬ ২০২৬, ১৯:৩৩

খার্গ দ্বীপ হলো ইরানের জ্বালানি তেলের অন্যতম রপ্তানি কেন্দ্র। কোলাজ: এনডিটিভি

খার্গ দ্বীপ হলো ইরানের জ্বালানি তেলের অন্যতম রপ্তানি কেন্দ্র। কোলাজ: এনডিটিভি

  • 0

কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, হরমুজ প্রণালী দিয়ে উপসাগরীয় অঞ্চলের তেলবাহী জাহাজ চলাচল স্থগিত থাকলে ট্রাম্প দ্বীপটি দখল করতে পারেন।

ইরানের ক্রাউন জুয়েল হিসেবে খ্যাত খার্গ দ্বীপ দখলের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে এ তথ্য জানিয়েছে অ্যামেরিকার একাধিক কর্মকর্তা।

কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, হরমুজ প্রণালী দিয়ে উপসাগরীয় অঞ্চলের তেলবাহী জাহাজ চলাচল স্থগিত অব্যাহত থাকলে ট্রাম্প দ্বীপটি দখল করতে পারেন।

দ্বীপ দখলে ওই অঞ্চলে অ্যামেরিকান সেনা মোতায়েন করা হবে।

যে কারণে দ্বীপ দখল গুরুত্বপূর্ণ

খার্গ দ্বীপ হলো ইরানের জ্বালানি তেলের অন্যতম রপ্তানি কেন্দ্র। দেশটির ৯৫ শতাংশ তেল এ অঞ্চল থেকে রপ্তানি করা হয়।

ইসরায়েল-অ্যামেরিকা ও ইরান যুদ্ধ চলাকালীন ইরান নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় দেশটির সরকার।

যার ফলে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এখন পর্যন্ত তেল রপ্তানি করতে পারছে না।

অন্যদিকে, ইরানের জাহাজ এ প্রণালী ব্যবহার করে চীনসহ বিভিন্ন দেশে তেল রপ্তানি করে চলেছে।

যুদ্ধ চলাকালীন ইরানের তেল নির্ভর রাজস্ব খাত ধ্বংস করতে অ্যামেরিকার কাছে খার্গ দ্বীপ দখল গুরুত্বপূর্ণ।

সূত্র জানায়, উপসাগরীয় অঞ্চলের জ্বালানি তেল রপ্তানি স্বাভাবিক না হলে চলমান এ যুদ্ধ বন্ধেও ব্যর্থ হবেন ট্রাম্প।

ফলস্বরূপ দ্বীপ দখল করে চাপ প্রয়োগের কথা ভাবছেন প্রেসিডেন্ট।