উপমহাদেশে জাতীয় বা আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ কোনো দাবি আদায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ নতুন নয়, তবে শুধু পানিপুরি কম পাওয়ার অভিযোগে বিক্ষোভের ঘটনা অনেকের কাছে অজানা। বাস্তবে তেমনটিই ঘটেছে ভারতের গুজরাটে।
ব্যতিক্রমী সে ঘটনার কথা জানিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক অবরোধ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন গুজরাটের ওই বাসিন্দা।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, পানিপুরি বিক্রেতার কাছ থেকে দুইটি পানিপুরি কম পাওয়ার অভিযোগে রাজ্যের সুরসাগর লেকের একটি সড়ক অবরোধ করেন ক্রেতা।
এতে বলা হয়, ২০ রুপিতে ছয়টি পানিপুরি দেওয়ার কথা থাকলেও বিক্রেতা ওই নারীকে দেন চারটি পানিপুরি। এতে ক্ষোভে ফেটে পড়েন তিনি।
অবরোধ করে তিনি জানান, বাকি দুটি ফুচকা না পাওয়া পর্যন্ত ছাড়বে না সড়ক।ওই সময় তার আশপাশে লোকজনের ভিড় জমে যায়, যার ফলে ব্যাঘাত ঘটে যান চলাচলে।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আরও নাটকীয় অবস্থার সৃষ্টি হয়। সড়ক ছাড়ার পরিবর্তে কান্নায় ভেঙে পড়েন পানিপুরির ক্রেতা।
পুলিশের কাছে ন্যায়বিচার ও অবশিষ্ট দুইটি পানিপুরি দাবি করেন তিনি।
কয়েক ঘণ্টা বাকবিতণ্ডার পর পুলিশ ওই নারীকে রাস্তা থেকে সরাতে সফল হন।