জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে ঐতিহাসিক রায় ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত এই আদালতে ১৫ সদস্যের বিচারক প্যানেলে ৯-৬ ভোটে চূড়ান্ত রায় দেওয়া হয়, যার বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই।
ঐতিহাসিক রায়ে আদালত জানায়, রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য অংশকে ‘গণহত্যামূলক অভিপ্রায়’ বা ধ্বংস করার উদ্দেশ্যে ওই অভিযান চালানো হয়েছিল। এর মাধ্যমে আইসিজে তার ৮০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করল।
আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া রায় পাঠ করার সময় বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এ ছাড়া ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং সহিংসতা থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, সামগ্রিকভাবে উপস্থাপিত প্রমাণ থেকে এ সিদ্ধান্তে পৌঁছানো যায় যে, উত্তর রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যেই মিয়ানমারের বাহিনী এসব কর্মকাণ্ড চালিয়েছিল।
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি দায়ের করে। ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে করা এ মামলায় গাম্বিয়া রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ বন্ধ, দায়ীদের বিচারের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানায়।
তবে মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ২০১৭ সালের সামরিক অভিযান ছিল সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে একটি বৈধ সন্ত্রাসবিরোধী অভিযান।
রায় ঘোষনার দিন গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউদা জালো আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, "এই বিজয় রোহিঙ্গাদের। তারা বেঁচে আছে, তারা সাক্ষ্য দিয়েছে এবং আজ তারা ন্যায়বিচার পেল।"
আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক এই চূড়ান্ত রায় ঘোষণার মাধ্যমে দীর্ঘ প্রায় সাত বছরের আইনি লড়াইয়ের সমাপ্তি ঘটল।
রায়ে আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে সব ধরনের বেআইনি কর্মকাণ্ড বন্ধ করতে, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ শরণার্থীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।