জাপানের উত্তর-পূর্ব সানরিকু উপকূলে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সম্ভাব্য মেগা-কোয়েক তথা ভয়াবহ ভূমিকম্পের উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম এপি নিউজ জানায়, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে ভুমিকম্পটি অনুভূত হলে প্রথমে স্বল্প সময়ের জন্য সুনামি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। পরে সম্ভাব্য ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকির কথা জানানো হয়।
জাপানের ক্যাবিনেট অফিস ও দেশটির আবহাওয়া সংস্থা জানায়, সাম্প্রতিক এই ভূমিকম্পের পর আগামী এক সপ্তাহের মধ্যে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা ১ শতাংশে দাঁড়িয়েছে, যা স্বাভাবিক সময়ে প্রায় ০.১ শতাংশ থাকে।
তবে কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, এটি কোনো নির্দিষ্ট ভূমিকম্পের পূর্বাভাস নয়। বরং উত্তর-পূর্ব উপকূলের ১৮২টি শহরের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি দৈনন্দিন জীবন চালিয়ে যেতে বলা হয়েছে।
এ পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, জরুরি পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করবে তার সরকার।
পাশাপাশি ক্ষতিগ্রস্ত ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিজ নিজ আশ্রয়কেন্দ্রের সঙ্গে যোগাযোগ, জরুরি খাদ্য ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখার পরমার্শ দেন তাকাইচি।
উচ্চমাত্রার ভূমিকম্পের পর পুনরায় সম্ভাব্য ভূমিকম্পের আশঙ্কায় সতর্কতা জারি করার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে গত ডিসেম্বরে সতর্কতা জারি করলেও পরবর্তীতে নতুন কোনো ভূমিকম্প আঘাত করেনি।
এদিকে এবারের ভূমিকম্পের প্রায় এক ঘণ্টার মধ্যে দেশটির কুজি বন্দরে প্রায় ৮০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানে। একই অঞ্চলের অন্য একটি বন্দরে ৪০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়।
পরে অ্যামেরিকাভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানায়, সুনামির ঝুঁকি কেটে গেছে।