ভারতের তামিলনাড়ু রাজ্যে অ্যাপলের আইফোনের যন্ত্রাংশ উৎপাদনকারী টাটা ইলেকট্রনিকসের একটি কারখানায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিন চুক্তিভিত্তিক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় হোসুরের কারখানাটিতে বর্জ্য শোধনাগারের একটি ট্যাংকে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় জেলা প্রশাসনের কর্মকর্তা ডি. দিনেশ কুমার জানান, শ্রমিকেরা কারখানার বর্জ্য শোধনাগারের (ইটিপি) একটি ন্যানো-ফিল্ট্রেশন ট্যাংক পরিদর্শনের সময় গ্যাসের সংস্পর্শে আসেন। পরে তাঁদের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
অ্যামেরিকান প্রতিষ্ঠান ইকোলাবের সহযোগী প্রতিষ্ঠান নালকো ওয়াটার ওই শোধনাগার পরিচালনা করে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিহত তিন শ্রমিক তাদের একজন সাব-কন্ট্রাক্টরের অধীনে কর্মরত ছিলেন। দুর্ঘটনার তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করছে তারা।
এ ঘটনায় অ্যাপল ও টাটা ইলেকট্রনিকস পৃথকভাবে তদন্ত করছে। তদন্তে সহায়তার জন্য অ্যাপলের একটি দল কারখানাটি পরিদর্শন করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। তামিলনাড়ুর শিল্পমন্ত্রী ভিরুধাই মাগাল কীর্তনা জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে দুর্ঘটনার কারণে কারখানাটির উৎপাদন ব্যাহত হয়নি। দীপাবলি উৎসব উপলক্ষে তখন কারখানাটি বন্ধ ছিল।
ভারত বর্তমানে বিশ্বের মোট আইফোন উৎপাদনের প্রায় এক-চতুর্থাংশ সরবরাহ করে। দেশটিতে আইফোন সংযোজনের প্রায় ৪০ শতাংশ করে টাটা গ্রুপের ইলেকট্রনিকস ইউনিট। বাকি অংশের দায়িত্বে রয়েছে ফক্সকন।
সাম্প্রতিক সময়ে কারখানাটিতে অগ্নিকাণ্ড, পানি দূষণের অভিযোগ এবং সাইবার হামলার মতো বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে টাটার আইফোন উৎপাদন কার্যক্রম। সর্বশেষ শ্রমিক মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির কর্মপরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সূত্র: রয়টার্স।