সাউথ কোরিয়ায় জাতীয় পর্যায়ের ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে জালিয়াতির কথা স্বীকার করেছেন পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী এক ব্যক্তি। পরীক্ষার প্রশ্নের ছবি তুলে এআইয়ের মাধ্যমে উত্তর সংগ্রহ করে স্মার্টফোনে তা যাচাই করতেন বলে জানিয়েছেন তিনি। রোববার (১৫ নভেম্বর) আইনজীবীর ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে নিজের অপরাধ স্বীকার করে পুলিশের কাছে লিখিত জবানবন্দি দেওয়ার কথাও জানান তিনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি নিজের নামের শেষাংশ ‘হান’ বলে উল্লেখ করেছেন। পরীক্ষায় অস্বাভাবিক ভালো ফল করার পর থেকেই তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে জালিয়াতির অভিযোগ ও নানা আলোচনা চলছিল।
হান জানান, একটি ক্ষুদ্রাকৃতির ক্যামেরার সাহায্যে পরীক্ষার প্রশ্নের ছবি তুলতেন তিনি। পরে সেসব ছবি এআই টুলে পাঠিয়ে উত্তর সংগ্রহ করতেন এবং স্মার্টফোনের মাধ্যমে সেগুলো যাচাই করতেন।
মুখে মাস্ক পরা অবস্থায় ভিডিওতে হাজির হয়ে তিনি বলেন, ইলেকট্রনিক ডিভাইস ও জেনারেটিভ এআই ব্যবহার করে তিনি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেছেন। তার ভাষায়, সর্বোচ্চ নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়া কোনো ন্যায্য প্রচেষ্টার ফল ছিল না। এ ঘটনায় সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমাও চান তিনি।
এদিকে, চলতি বছরের এপ্রিল ও জুলাইয়ে অনুষ্ঠিত ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষার দুই ধাপেই অসাধারণ ফল করেছিলেন হান। প্রথম ধাপে ৪০০ নম্বরের মধ্যে ৩৯৭ দশমিক ৫ নম্বর পেয়ে প্রায় নিখুঁত ফল করেন তিনি। ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটির উত্তর ভুল ছিল তার। দ্বিতীয় ধাপেও ৮০০ নম্বরের মধ্যে ৬৬৩ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন।
তার এই অস্বাভাবিক ভালো ফল প্রকাশ্যে আসার পর থেকেই পরীক্ষায় এআই-সক্ষম ডিভাইস ব্যবহারের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। তবে অভিযোগ ওঠার পর প্রথমদিকে তিনি তা অস্বীকার করেছিলেন।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম সিউল ইকোনমিক ডেইলির তথ্য অনুযায়ী, ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষার পাশাপাশি সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট (সিপিএ) পরীক্ষার প্রথম ধাপেও একই পদ্ধতিতে জালিয়াতির কথা স্বীকার করেছেন তিনি। নিজের কর্মকাণ্ড আড়াল করতে আগে মিথ্যা বলার বিষয়টিও স্বীকার করেছেন হান।
তিনি আরও জানান, নিজের সব কর্মকাণ্ডের বিবরণ লিখিতভাবে সিউল মেট্রোপলিটন পুলিশ এজেন্সির কাছে জমা দিয়েছেন। তদন্তের স্বার্থে অবশিষ্ট ডিভাইস ও সংশ্লিষ্ট উপকরণ পুলিশের কাছে হস্তান্তর করবেন বলেও জানিয়েছেন।
এ ঘটনায় দক্ষিণ কোরিয়ায় পরীক্ষার নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে প্রচলিত পরীক্ষাপদ্ধতিতে জালিয়াতি ঠেকানো কতটা সম্ভব, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
এদিকে, আগামী বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। এ পরীক্ষাকে সামনে রেখে এআই ব্যবহার করে জালিয়াতির আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী হান সোক-সুক।
অন্যদিকে, অভিযুক্তের স্বীকারোক্তির পর পুলিশি তদন্তের পাশাপাশি পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে।