Skip to main content

জর্জিয়ার বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় পুলিশ কর্মকর্তা আহত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৮ ২০২৫, ২৩:২৬

জর্জিয়ার আটলান্টায় শুক্রবার বন্দুক হামলার খবর পেয়ে এমোরি ইউনিভার্সিটি ও সিডিসির কাছে আসা জরুরি কাজে ব্যবহৃত যানবাহন। ছবি: এপি

জর্জিয়ার আটলান্টায় শুক্রবার বন্দুক হামলার খবর পেয়ে এমোরি ইউনিভার্সিটি ও সিডিসির কাছে আসা জরুরি কাজে ব্যবহৃত যানবাহন। ছবি: এপি

  • 0

এ ঘটনা শেষ হয়েছে হামলাকারী নিহত হওয়ার মধ্য দিয়ে।

জর্জিয়ার আটলান্টার এমোরি ইউনিভার্সিটি ক্যাম্পাসে শুক্রবার বন্দুক হামলায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

এ ঘটনা শেষ হয়েছে হামলাকারী নিহত হওয়ার মধ্য দিয়ে।

আল জাজিরা জানায়, এক সতর্কবার্তায় শিক্ষার্থীদের নিরাপদে থাকতে বলার পাশাপাশি ঘটনাস্থলের কাছাকাছি সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসি সংলগ্ন এলাকা পরিহারের আহ্বান জানানো হয়।

স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ৪৩ মিনিটে আটলান্টা পুলিশ ডিপার্টমেন্ট হামলাকারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানায়।

পুলিশ ডিপার্টমেন্টের এক বিবৃতিতে জানানো হয়, এমোরি ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আর হুমকি নেই।

এতে উল্লেখ করা হয়, ঘটনায় যুক্ত ছিলেন একজন হামলাকারী, যিনি এখন নিহত। হামলায় সাড়া দিতে এসে আহত হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা।

বন্দুক হামলায় কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

জর্জিয়ার অ্যাটর্নি জেনারেল ক্রিস কার জানান, পুরো ক্যাম্পাস এলাকার নিরাপত্তার জন্য প্রার্থনা করছে কর্তৃপক্ষ।

হামলার নিন্দা জানিয়ে জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, স্টেইটে চলতি সপ্তাহে এটি ছিল দ্বিতীয় হাই-প্রোফাইল বন্দুক হামলা।