বহু বছরের গোপনীয়তা ভেঙে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট(ইউএফও) তথা অজ্ঞাত উড়ন্ত বস্তু সংক্রান্ত গোপন নথি প্রকাশ করেছে অ্যামেরিকান প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
এবিসি নিউজ জানায়, আনআইডেন্টিফাইড অ্যানোমেলাস ফিনোমেনা-ইউএপি শিরোনামে শুক্রবার নতুন একটি সরকারি ওয়েবসাইটে নথিটি প্রকাশ করা হয়। পূর্বে কখনও প্রকাশিত হয়নি আকাশ ওপরিবেশে ঘটে যাওয়া এমন সব গোপন বস্তু, কার্যাবলি দিয়ে নথিটি সাজানো হয়েছে।
পেন্টাগন জানায়, প্রকাশিত নথিতে ১৯৪০ সাল থেকে শুরু করে সমসাময়িক বিভিন্ন ইউএফও সংক্রান্ত ঘটনা ওঠে এসেছে। বেশিরভাগ ঘটনাই দেখা গেছে সামরিক অভিযান চলছে, এমন সব অঞ্চলে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে আছে, ১৯৫০-১৯৬০ সাল মধ্যবর্তী সময়ে স্নায়ু যুদ্ধ চলাকালীন জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন এবং সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি, ইরাক, সিরিয়ায় নজরদারি চলাকালীন ধরা পড়া বিভিন্ন ঘটনা।
অধিকাংশ ঘটনাই ধরা পড়েছে অ্যামেরিকান সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা কর্তৃক বিভিন্ন এলাকায় মোতায়েন করা উন্নত প্রযুক্তির মাধ্যমে। তবে প্রকাশিত এসব চিত্রের মধ্যে এখন পর্যন্ত পৃথিবীতে এলিয়েন সম্পর্কিত কোনো উপস্থিতি পাওয়া যায়নি।
পেন্টাগন কর্তৃক ইউএফও নথি প্রকাশের এ ঘটনাকে অ্যামেরিকান জনগনের প্রতি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের 'নজিরবিহীন স্বচ্ছতা' বলে উল্লেখ করেছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। এর আগে চলতি বছরের শুরুতে অ্যামেরিকার জনগনের উদ্দেশে ইউএফও সংক্রান্ত গোপন ঘটনাবলি উন্মোচনের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।
নথি প্রকাশের পর সামাজিক মাধ্যমের এক পোস্টে ট্রাম্প বলেন, 'পূর্ণ ও সর্বোচ্চ স্বচ্ছতার স্বার্থে, এলিয়েন ও ভিনগ্রহের প্রাণ, অজ্ঞাত আকাশীয় ঘটনা এবং UFO সম্পর্কিত সরকারি নথি শনাক্ত ও প্রকাশ করার নির্দেশ দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি।'
তবে প্রকাশিত নথির মধ্যে বেশ কিছু পৃষ্ঠা গোপনীয়তার স্বার্থে ঢেকে রাখা হয়েছে। ধাপে ধাপে আরও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশ করা হবে বলে জানিয়েছে পেন্টাগন।