নিউ ইয়র্ক স্টেইটে সব রেস্তোরাঁ, খাবারের দোকানসহ খুচরা পণ্যের দোকানগুলোতে গ্রাহকদের কাছ থেকে নগদ অর্থ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
আইউইটনেস নিউজ জানায়, শনিবার থেকে নতুন আইনটি কার্যকর হয়েছে। যার ফলে এখন থেকে কোনো খাদ্যদোকান বা খুচরা বিক্রেতা গ্রাহকের নগদ অর্থ গ্রহণে অস্বীকৃতি জানাতে পারবে না।
নতুন আইনের আওতায় গ্রাহকদের ক্রেডিট কার্ড বা অন্য কোনো ডিজিটাল পেমেন্ট পদ্ধতি ব্যবহারে বাধ্য করা যাবে না। একই সঙ্গে কেউ নগদ অর্থে মূল্য পরিশোধ করতে চাইলে তার কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়াও নিষিদ্ধ করা হয়েছে।
নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এক বিবৃতিতে বলেন, ‘মানুষ যেভাবেই মূল্য পরিশোধ করুক না কেন, সেবা পাওয়ার অধিকার তাদের আছে।
‘নগদ অর্থ গ্রহণে অস্বীকৃতি জানিয়ে বা অতিরিক্ত অর্থ নিয়ে প্রয়োজনীয় পণ্য থেকে কাউকে বঞ্চিত করা যাবে না।‘
নতুন আইনটি না মানলে বিক্রেতাকে প্রথমে সর্বোচ্চ ১ হাজার ডলার জরিমানা করা হবে। আর পুনরায় আইন অমান্য করলে ১ হাজার ৫০০ ডলার পর্যন্ত জরিমানা করার কথা বলা হয়েছে।
এর আগে ২০২০ সালে নিউ ইয়র্ক সিটিতে পণ্য ক্রয়-বিক্রয়ে নগদ অর্থ গ্রহণের আইন চালু হয়। এবার নতুন এ আইন কার্যকর হওয়ার ফলে পুরো স্টেইটেই একই নিয়ম প্রযোজ্য হবে।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগের ফলে ব্যাংকিং সুবিধাবঞ্চিত বা ডিজিটাল লেনদেন ব্যবস্থার বাইরে থাকা মানুষদের জন্য প্রয়োজনীয় পণ্য ক্রয় আরও সহজ হবে।