ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) ইওএস-০৯ স্যাটেলাইট মহাকাশে পাঠানোর জন্য রবিবার রকেট উৎক্ষেপণ করে। উৎক্ষেপণের কয়েক মিনিট পরই এটি ব্যর্থ হয়ে যায়।
এনডিটিভি বলছে, রকেটের তৃতীয় পর্যায়ের মোটরে চাপ হঠাৎ কমে যাওয়ায় স্যাটেলাইটটি কক্ষপথে পৌঁছাতে পারেনি। মাঝপথে গিয়ে রকেট থেকে ওই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে নামানো যায়নি। ফলে ব্যর্থ হয় মিশন।
ইসরো জানায়, রবিবার সকাল ৫টা ৫৯ মিনিটে পিএসএলভি-সি৬১ রকেটটি উৎক্ষেপণ করা হয়। প্রথম ও দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন হলেও তৃতীয় ধাপে গিয়ে সমস্যা দেখা দেয়।
মিশন ব্যর্থ হওয়ার পর এর কারণ নিয়ে শুরু হয় বিশ্লেষণ। পরে ইসরো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে কারণ জানান ইসরোর প্রধান ভি নারায়ণান।
তিনি বলেন, ‘আজ আমরা ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) উৎক্ষেপণের চেষ্টা করেছিলাম। উৎক্ষেপণ প্রক্রিয়ায় চারটি ধাপ ছিল। দু’টি ধাপ প্রত্যাশামাফিক শেষ হয়। কিন্তু তৃতীয় ধাপে আমরা লক্ষ্য করি, এই অভিযান সম্পন্ন হবে না।’
তিনি আরও বলেন, ‘যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের মিশন ব্যর্থ হয়েছে। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি। দ্রুত আবার উপগ্রহ উৎক্ষেপণ করা হবে।’
এনডিটিভি জানিয়েছে, ইসরোর ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহটির ওজন ১ হাজার ৬৯৬ কেজি। ৫২৪ কিলোমিটারের কক্ষপথে (সান-সিংক্রোনাস পোলার অরবিট) এই কৃত্রিম উপগ্রহটিকে নামানোর কথা ছিল। কিন্তু অভিযানের তৃতীয় ধাপে যে মোটরটি ব্যবহার করা হয়, ২০৩ সেকেন্ডের মাথায় সেটিতে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে।
বিশ্লেষকেরা বলছেন, এ ধরনের ব্যর্থতা মহাকাশ গবেষণায় নতুন কিছু নয়। গুরুত্বপূর্ণ হলো, এখান থেকে শিক্ষা নিয়ে আরও উন্নত প্রযুক্তি নিশ্চিত করা।