অ্যামেরিকার জনপ্রিয় র্যাপ সংগীতশিল্পী শন ডিডি কম্বসকে চার বছর দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
আইউইটনেস নিউজ জানায়, জুলাই মাসে ডিডির বিরুদ্ধে পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকার ভিত্তিতে দুইটি অভিযোগ দায়ের করা হয়।
এ অভিযোগের ভিত্তিতে শুক্রবার তাকে চার বছরের বেশি সময় কারাভোগের নির্দেশ দেওয়া হয়।
যৌন সহিংসতা ও অবৈধ কার্যক্রম চালানোর অভিযোগে ২০২৪ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার হন ডিডি। এরই মধ্যে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে তিনি ১২ মাস কারাভোগ করেছেন।
সাজা ঘোষণার আগে আদালতে কান্নাজড়িত কণ্ঠে সন্তানদের পাশাপাশি তার মাধ্যমে ভুক্তভোগী হওয়া লোকজনের কাছে ক্ষমা চান ডিডি।
ফেডারেল প্রসিকিউটররা ডিডিকে ১১ বছর কারাদণ্ড দেওয়ার অনুরোধ করেছিলেন। অন্যদিকে ডিডির আইনজীবীরা এর মধ্যে কারাগারে কাটানো এক বছরকে নতুন রায়ের হিসাবের মধ্যে ধরতে জোর দেন।
দুই পক্ষের বক্তব্য শুনে আদালত ডিডিকে ৫০ মাসের কারাদণ্ডের আদেশ দেয়।