চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আজ(সোমবার) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় হতে চলেছে।
সংবাদ সংস্থা বাসস জানায়, বেলা ১১ টার পর মামলার রায় ঘোষণা করা হবে।
ইতিমধ্যে এ মামলায় আসামি থেকে রাজসাক্ষী হওয়া আওয়ামী লীগ সরকার আমলের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আদালত প্রাঙ্গনে হাজির করা হয়েছে।
ঢাকার পুরাতন হাইকোর্ট প্রাঙ্গনে সকাল ৯টায় একটি প্রিজন ভ্যানে করে মামুনকে হাজির করা হয়।
তার আগেই আদালত প্রাঙ্গন ছেয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তায়। ঘটনাস্থলে উপস্থিত হতে থাকেন আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা।
রায় ঘোষণার সময় এ রাজসাক্ষীকে আদালতে হাজির করা হবে।
এছাড়াও রায় চলাকালীন আদালতে উপস্থিত থাকবে গণ অভ্যুত্থানে নিহত সদস্যদের মধ্যে অন্তত ১৫জনের পরিবার ও আন্দোলনকারীরা।
মামলার বাকি দুই অভিযুক্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে পলাতক আসামি হিসেবে রায় ঘোষণা করা হবে।
মানবতাবিরোধী অপরাধে গত ১০ জুলাই আসামিদের পাঁচটি অভিযোগে অভিযুক্ত করে বিচার কার্য শুরু করার রায় দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচার শুরুর পর দোষ স্বীকার করে মামলার রাজসাক্ষী হন চৌধুরী আবদুল্লাহ আল মামুন।