জেনসেন- অ্যালিস সম্পর্ক
এনভিডিয়ার চীনা সম্পর্ক নিয়ে আগেই সতর্ক করেছিলেন এক ট্রেডার
- 0


প্রকাশিত: নভেম্বর ১১ ২০২৬, ১৬:৩৯ হালনাগাদ: নভেম্বর ১১ ২০২৬, ১৬:৪৩
বিশ্বের অন্যতম স্বনামধন্য প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া এখন শুধু চীনা ব্যবসার হিসাব নিয়ে নয়, জাতীয় নিরাপত্তা ও করপোরেট স্বচ্ছতা নিয়েও বড় প্রশ্নের মুখে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করার পর তাঁর একটি ব্যক্তিগত সম্পর্ক ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। অ্যামেরিকার গোয়েন্দা সংস্থার অভিযোগ, ওই সম্পর্কের সঙ্গে জড়িত ব্যবসায়ী অ্যালিস হুয়াং চায়নার হয়ে তথ্য সংগ্রহ করছিলেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে চায়না। আর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ বিষয়টি তদন্তে স্বাধীন কমিটি গঠন করেছে। কিন্তু এ ঘটনার কয়েক মাস আগেই কোম্পানিটির চায়না-ব্যবসা ও শীর্ষ নির্বাহীর সম্পর্ক নিয়ে সতর্ক করেছিলেন ক্রিশ্চিয়ান লামার্কো নামের এক স্বল্পপরিচিত শেয়ার গবেষক ও ট্রেডার।
কিন্তু ওই সতর্কবার্তার পরও তখন এই বিষয়টি কেন গুরুত্ব পায়নি? আর এখন কেন সেই গবেষণার বিষয়বস্তু বিশ্বের সবচেয়ে আলোচিত প্রযুক্তি কোম্পানিগুলোর একটিকে ঘিরে বিনিয়োগকারী, রাজনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের উদ্বেগের কারণ হয়ে উঠেছে?
ঘটনার শুরু গত ১৩ মে। ৩১ বছর বয়সী ক্রিশ্চিয়ান লামার্কো প্রকাশ করেন ৪০ পৃষ্ঠার একটি অনুসন্ধানী প্রতিবেদন। তাঁর প্রতিষ্ঠান কালপার রিসার্চের মূল অভিযোগ ছিল, চায়নায় ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছে—এনভিডিয়ার এমন দাবির সঙ্গে বাস্তব পরিস্থিতির অমিল থাকতে পারে। লামার্কোর হিসাব অনুযায়ী, ২০২৬ অর্থবছরে কোম্পানিটির কম্পিউট-সংক্রান্ত আয়ের ২০ শতাংশেরও বেশি চায়নার সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। তবে এটি তাঁর গবেষণার দাবি, এনভিডিয়ার স্বীকৃত হিসাব নয়।
প্রতিবেদনের তৃতীয় পৃষ্ঠায় আরেকটি বিষয় তুলে ধরেন তিনি। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক কর্মকর্তা অ্যালিস হুয়াংয়ের সম্পর্ককে তিনি ‘অস্বস্তিকরভাবে ঘনিষ্ঠ’ বলে উল্লেখ করেন। এর আগে নিউ ইয়র্ক টাইমস ও ব্লুমবার্গের প্রতিবেদনে এ দুজনকে এশিয়ায় প্রযুক্তি খাতের অন্য নির্বাহীদের সঙ্গে সামাজিক আয়োজনে একসঙ্গে দেখা যাওয়ার কথা প্রকাশিত হয়েছিল। সেখান থেকেই আগ্রহী হন লামার্কো। পরে অর্থের বিনিময়ে বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠানের বর্তমান-সাবেক কর্মীদের সঙ্গে যোগাযোগের মধ্যস্থতাকারী নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য সংগ্রহ করেন তিনি।
কিন্তু মে মাসে প্রতিবেদনটি প্রকাশের পর বাজারে তেমন প্রতিক্রিয়া দেখা যায়নি। বরং সেদিন এনভিডিয়ার শেয়ারের দাম বেড়েছিল। লামার্কো জানিয়েছেন, তখন তাঁর গবেষণাকে অনেকে উপেক্ষা করেছেন, কেউ অপমান করেছেন, আবার কেউ তাঁকে সতর্কও করেছেন। এখন পরিস্থিতি বদলেছে। গত ৮ নভেম্বর জেনসেন হুয়াং এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো বার্তায় স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করে ক্ষমা চান। তিনি ওই বার্তায় নারীর নাম উল্লেখ করেননি। তবে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে সম্পর্কের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের নাম উঠে আসে। এর পরপরই এনভিডিয়ার পরিচালনা পর্ষদ স্বাধীন তদন্ত শুরুর ঘোষণা দেয়।
এখানে লামার্কোর পরিচয় বোঝা জরুরি। তিনি সাধারণ শেয়ার বিশ্লেষক নন; একজন ‘অ্যাক্টিভিস্ট শর্ট সেলার’। সহজভাবে বললে, কোনো কোম্পানির শেয়ারের দাম কমতে পারে বলে তাঁরা গবেষণা প্রকাশ করেন এবং একই সঙ্গে শেয়ারের দাম কমার ওপর আর্থিক বাজি ধরেন। দাম কমলে তাঁদের লাভের সুযোগ তৈরি হয়। অর্থাৎ তাঁরা কোনো প্রতিষ্ঠানের দুর্বলতা বা সম্ভাব্য অনিয়ম সামনে আনতে পারেন, কিন্তু সেই তথ্য প্রকাশের সঙ্গে তাঁদের নিজস্ব আর্থিক স্বার্থও জড়িত। তাই তাঁদের প্রতিবেদনকে গুরুত্ব দিতে হবে, আবার স্বাধীনভাবে যাচাইও করতে হবে। লামার্কো নিজেও বলেছেন, শর্ট সেলারদের জনস্বার্থের কথা বলার পাশাপাশি অর্থ উপার্জনের উদ্দেশ্য থাকে। তাঁর প্রতিষ্ঠান অতীতেও ছোট কোম্পানির বিরুদ্ধে গবেষণা প্রকাশ করেছে; সেসব অভিযোগ নিয়ে বিতর্ক ও মামলা হয়েছে। ফলে তাঁর বর্তমান দাবিও প্রমাণ ছাড়া চূড়ান্ত সত্য হিসেবে ধরে নেওয়া যাবে না।
এনভিডিয়ার চায়না-ব্যবসা নিয়ে বিতর্কটি কেন এত গুরুত্বপূর্ণ, তা বুঝতে হলে প্রযুক্তি ও ভূরাজনীতির সম্পর্ক বুঝতে হবে। এনভিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য প্রয়োজনীয় উন্নত চিপ তৈরি করে। অ্যামেরিকা ও চায়নার মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতা তীব্র হওয়ায় উন্নত চিপ চায়নায় বিক্রির ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে ওয়াশিংটন। এনভিডিয়ার দাবি, এসব বিধিনিষেধের পর চায়নায় তাদের কম্পিউট চিপের ব্যবসা কার্যত শূন্যে নেমেছে। কিন্তু লামার্কোর দাবি, তৃতীয় দেশের মধ্যস্থতাকারী ও চিপ সরবরাহের অন্য পথ দিয়ে চায়নায় ব্যবসার যোগসূত্র রয়ে গেছে। অর্থাৎ প্রশ্ন শুধু কত চিপ সরাসরি বিক্রি হয়েছে, তা নয়—রপ্তানি নিয়ন্ত্রণ এড়িয়ে চিপ অন্য পথে চায়নায় পৌঁছেছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ।
এর সঙ্গে যুক্ত হয়েছে গোয়েন্দা-সংশ্লিষ্ট অভিযোগ। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামেরিকার গোয়েন্দা সংস্থাগুলো অ্যালিস হুয়াংকে চায়নার হয়ে তথ্য সংগ্রহকারী হিসেবে শনাক্ত করেছিল। তবে তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আদালতে প্রমাণিত—এমন তথ্য নেই। চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগকে ভিত্তিহীন ও অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে। এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, অ্যামেরিকার জাতীয় নিরাপত্তা কিংবা কোম্পানির গোপন তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন বিশ্বাস করার মতো কারণ এখনো তাদের নেই। তবু সব তথ্য পর্যালোচনায় স্বাধীন তদন্ত চালানো হচ্ছে। জেনসেন হুয়াং প্রধান নির্বাহীর দায়িত্বে থাকছেন এবং তদন্তে সহযোগিতা করবেন বলে জানিয়েছে কোম্পানি।
বিতর্ক আরও বিস্তৃত হয়েছে চিপ সরবরাহের নতুন এক প্রতিবেদনের পর। দ্য ইনফরমেশনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যবসায়িক নেটওয়ার্কের মাধ্যমে চায়নার বিভিন্ন প্রতিষ্ঠানে অন্তত ৭.৫ বিলিয়ন ডলারের এনভিডিয়া চিপ পৌঁছানোর অভিযোগ উঠেছে। তবে রয়টার্স বলেছে, তারা এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। একই সময়ে দুই কর্মদিবসে এনভিডিয়ার বাজারমূল্য প্রায় ৪৩০ বিলিয়ন ডলার কমেছে বলে জানিয়েছে রয়টার্স। এই দরপতনকে শুধু একটি অভিযোগের ফল বলা যাবে না; কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগের স্থায়িত্ব নিয়েও শেয়ারবাজারে উদ্বেগ রয়েছে।
সব মিলিয়ে, মে মাসে প্রকাশিত লামার্কোর প্রতিবেদন এখন নতুন গুরুত্ব পেলেও তাঁর সব অভিযোগ প্রমাণিত হয়ে গেছে—এমন নয়। বরং এখন প্রশ্ন তিনটি: এনভিডিয়ার চায়না-ব্যবসার প্রকৃত হিসাব কী, কোনো সংবেদনশীল তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার হাতে গেছে কি না, এবং কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের কাছে কতটা স্বচ্ছ জবাব দিতে পারে। অ্যামেরিকার এক সেনেটর জেনসেন হুয়াংকে পদত্যাগের আহ্বানও জানিয়েছেন; অন্যদিকে এনভিডিয়ার বোর্ড এখনো তাঁর নেতৃত্বের প্রতি আস্থা থাকার কথা বলছে।
এই ঘটনা আমাদের একটি বিষয় মনে করিয়ে দেয়—কোনো প্রযুক্তি কোম্পানির সাফল্য শুধু তার পণ্যের দক্ষতা বা বাজারমূল্য দিয়ে বিচার করা যায় না। বিশেষ করে যখন সেই প্রযুক্তি জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতার সঙ্গে জড়িয়ে পড়ে, তখন কোম্পানির ব্যবসায়িক স্বচ্ছতা এবং নেতৃত্বের বিশ্বাসযোগ্যতাও সমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এনভিডিয়ার সামনে এখন সেই পরীক্ষাই।
