নিউ ইয়র্ক সিটির প্রায় ৪ হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর সংবেদনশীল আর্থিক ও চিকিৎসা সংক্রান্ত তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। চলতি বছরের শরতে একটি অনলাইন ডেটাবেজে সাইবার হামলা চালিয়ে এসব তথ্য হাতিয়ে নেয় হ্যাকাররা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পলিটিকোর অনুসন্ধানী এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
পলিটিকোর হাতে আসা গোপনীয় নথি ও বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তির তথ্যমতে, আদালতের একটি মামলার নিষ্পত্তির পর সেটেলমেন্ট ফি পরিশোধের জন্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ক্ষতিপূরণের অর্থ বিতরণের জন্য অনলাইন ডেটাবেজটি তৈরি করা হয়েছিল। সেই ডেটাবেজে অনুপ্রবেশ করে হ্যাকাররা। এতে প্রায় ৪ হাজার অবসরপ্রাপ্ত কর্মীর সংবেদনশীল তথ্য ঝুঁকির মুখে পড়ে।
পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে অবসরপ্রাপ্ত কর্মীদের একটি সংগঠনের দায়ের করা মামলার (ক্লাস-অ্যাকশন ল-স্যুট) নিষ্পত্তির অংশ হিসেবে চিকিৎসা বাবদ ভুলভাবে কেটে নেওয়া অর্থ (কো-পে) ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় সিটি প্রশাসন ও বিমা কোম্পানি 'এমব্লেমহেলথ'। এ জন্য মেয়র যোরান মামদানির প্রশাসন ও এমব্লেমহেলথ ৫৩ মিলিয়ন ডলার পরিশোধের দায়িত্ব দেয় 'অ্যাটিকাস অ্যাডমিনিস্ট্রেশন' নামক একটি প্রতিষ্ঠানকে। অর্থ ফেরতের আবেদন প্রক্রিয়া সহজ করতে অ্যাটিকাস একটি অনলাইন ডেটাবেজ তৈরি করেছিল। পলিটিকোর হাতে আসা ১৪ অক্টোবরের একটি 'গোপনীয়' চিঠিতে অ্যাটিকাসের সহ-প্রধান নির্বাহী টমাস লোগান এমব্লেমহেলথের নির্বাহীদের জানান, গত ২০ সেপ্টেম্বর এবং পরবর্তীতে ৫ থেকে ৮ অক্টোবরের মধ্যে অজ্ঞাত এক ব্যবহারকারী ওই ডেটাবেজে অনুপ্রবেশ করে।
চিঠির তথ্যমতে, হ্যাকাররা অর্থ ফেরতের আবেদনকারী অবসরপ্রাপ্ত কর্মী এবং ক্ষেত্রবিশেষে তাদের প্রতিনিধি বা পরিবারের সদস্যদের নাম, অভ্যন্তরীণ আইডি নম্বর, আর্থিক তথ্য এবং স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত তথ্য হাতিয়ে নিয়েছে।
পলিটিকো জানায়, অবসরপ্রাপ্তদের জন্য বরাদ্দকৃত অর্থ চুরির উদ্দেশ্যেই হ্যাকাররা এই তথ্যগুলো ব্যবহারের চেষ্টা করেছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া চলতি সপ্তাহে জুম, সেলসফোর্স, সিএনএন ও আইকিয়ার মতো বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হওয়া সাইবার হামলার সাথে কিংবা বিশ্বজুড়ে বড় বড় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও সফটওয়্যার কোম্পানিতে সাম্প্রতিক সাইবার হামলার ঘটনার সাথে এই হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবসরপ্রাপ্তদের জন্য বরাদ্দকৃত অর্থ চুরির উদ্দেশ্যেই হ্যাকাররা এই তথ্যগুলো ব্যবহারের চেষ্টা করেছিল বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনায় নিউইয়র্ক সিটির অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ক্ষতিপূরণের অর্থ বিতরণের মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত অনলাইন ব্যবস্থায় সাইবার নিরাপত্তার দুর্বলতা থাকলে তা কীভাবে বিপুলসংখ্যক মানুষের ব্যক্তিগত তথ্যকে ঝুঁকিতে ফেলতে পারে, সেই প্রশ্ন সামনে এসেছে।
সূত্র: পলিটিকো