ভারতের মধ্যপ্রদেশে রসগোল্লা ভেবে মুখে দেওয়া একটি দেশি বোমা বিস্ফোরণে রাজেন্দ্র বরৌতিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুনো শূকর শিকারে ব্যবহৃত ওই বিস্ফোরকটি রসগোল্লা বলে তাকে দিয়েছিলেন এক প্রতিবেশী। এতে কামড় দিতেই মুখের ভেতর বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাত ৮টার দিকে মধ্যপ্রদেশের দিন্দোরি জেলার পাদারিয়া ছান্তা গ্রামে। রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির উঠানে আগুন পোহাচ্ছিলেন রাজেন্দ্র। এ সময় একই এলাকার বাসিন্দা রামভগত বরৌতিয়া সেখানে এসে তাঁর সঙ্গে বসেন।
দিন্দোরি কোতোয়ালি থানার পরিদর্শক দুর্গা প্রসাদ নাগপুরের বরাতে প্রতিবেদনে বলা হয়, কথাবার্তার একপর্যায়ে রামভগত রাজেন্দ্রকে একটি বস্তু খেতে দেন এবং সেটিকে রসগোল্লা বলে পরিচয় করিয়ে দেন। মিষ্টি মনে করে সেটিতে কামড় দিতেই বিস্ফোরণ ঘটে। এটি মূলত বুনো শূকর মারার কাজে ব্যবহৃত এক ধরনের দেশি বোমা ছিল।
বিস্ফোরণে রাজেন্দ্রর মুখ ও চোয়াল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে অটোরিকশায় করে দিন্দোরি জেলা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় মূল অভিযুক্ত প্রতিবেশী রামভগত বরৌতিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড এবং বিস্ফোরক পদার্থ আইনের ৩ ও ৪ ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কীভাবে বিস্ফোরকটি সংগ্রহ করেছিলেন এবং কী উদ্দেশ্যে সেটি রাজেন্দ্রকে দেওয়া হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিস্ফোরক সংগ্রহ বা সরবরাহের ঘটনায় অন্য কেউ জড়িত কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।