উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর অনুরোধে ইরানের ওপর নতুন করে পরিকল্পিত বড় ধরনের হামলা স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক দীর্ঘ পোস্টে সোমবার ট্রাম্প জানান, মঙ্গলবার ইরানে অ্যামেরিকান সেনাবাহিনীর একটি বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল।
শেষ মুহূর্তে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ানের অনুরোধে হামলা স্থগিত করেন তিনি।
ট্রাম্প তার পোস্টে বলেন, ‘মঙ্গলবার নির্ধারিত সামরিক হামলা তাদের অনুরোধে স্থগিত করা হয়েছে, যেহেতু এখন গুরুত্বপূর্ণ আলোচনা চলছে।‘
প্রেসিডেন্ট আরও বলেন,’অ্যামেরিকার মিত্র ও মহান নেতা হিসেবে তাদের মতামত হলো, আলোচনার মধ্য দিয়ে অ্যামেরিকা, মধ্যপ্রাচ্য ও আর সবার জন্য খুবই গ্রহণযোগ্য, এমন চুক্তি হবে। চুক্তিতে অবশ্যই ইরানের ওপর পারমাণবিক অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা থাকবে।‘
তবে ইউএস সেন্ট্রাল কমান্ড-সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, হামলা স্থগিত হলেও, হরমুজ প্রণালিতে অবরোধ অব্যাহত থাকবে। পাশাপাশি যেকোনো মুহূর্তে হামলার সিদ্ধান্তের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতেও বলেন ট্রাম্প।